ইউটাহর রং বদলাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। সেগুলোর মধ্য থেকে যুক্তরাষ্ট্র থেকে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো টুকরো খবর
রাজনৈতিক সমর্থনের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যই হয় লাল, অর্থাৎ রিপাবলিকান বা নীল, অর্থাৎ ডেমোক্রেটিক। এর বাইরে আরও ডজন খানেক অঙ্গরাজ্য আছে, যেগুলো ঠিক রিপাবলিকানও নয়, ডেমোক্র্যাটও নয়। এদের আমরা কমলা রঙের বলতে পারি। ইউটাহ হচ্ছে এমন এক অঙ্গরাজ্য, যাকে গভীরতম লাল বলা হয়, কারণ এখানে কার্যত প্রায় সবাই রিপাবলিকান-সমর্থক। এবারের নির্বাচনে সেই ইউটাহ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হাতছাড়া হতে বসেছে। আর সে জন্য সব দোষ, ট্রাম্পের নিজের কথায়, এভিন ম্যাকমুলিনের।
সাবেক সিআইএ অফিসার এভিন ম্যাকমুলিন গত আগস্ট মাসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের কথা ঘোষণা করেন। রক্ষণশীল হিসেবে পরিচিত ইউটাহ ট্রাম্প বা হিলারিকে বাদ দিয়ে তৃতীয় একজন প্রার্থীকে খুঁজছিল। ম্যাকমুলিন রাতারাতি সেই তৃতীয় প্রার্থী হয়ে ওঠেন। শনিবার ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, তিনি যদি নির্বাচনে পরাস্ত হন, তাহলে সে জন্য দায়ী হবে নাম-পরিচয়হীন এই লোকটিই।
প্রায় সঙ্গে সঙ্গে এক টুইটার বার্তায় ম্যাকমুলিন মন্তব্য করেন, ‘আপনি আমার নাম শোনেননি, কারণ আপনি যখন মেয়েদের সঙ্গে ফষ্টিনষ্টি করছিলেন, আমি তখন বিদেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছিলাম।’