ইউনাইটেড ক্লাবের বনভোজনে দুর্লভপুরবাসীর মিলনমেলা
নিউইয়র্কে প্রবাসীদের সংগঠন ইউনাইটেড ক্লাবের বার্ষিক বনভোজন ও আন্তর্জাতিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ফ্লাশিং মেডো পার্কের খোলা মাঠে ১৭ জুলাই এই বনভোজন অনুষ্ঠিত হয়। এতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, যুক্তরাজ্য ও কানাডায় বসবাসরত মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর গ্রামের নারী-পুরুষ-শিশু-কিশোররা দিনভর খেলাধুলাসহ নানা আনন্দে মেতে ওঠে। আনন্দ-উচ্ছ্বাসে ভরা এই বনভোজন পরিণত হয় দুর্লভপুর প্রবাসীদের মিলনমেলায়।
আয়োজক ব্যক্তিরা জানান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী দুর্লভপুরবাসী এ বনভোজনে অংশ নেন। এদিন সকাল থেকেই প্রবাসীরা দলে দলে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বনভোজন স্থলে এসে সমবেত হন। দীর্ঘদিন পর দুর্লভপুরপ্রবাসীরা একে অপরকে কাছে পেয়ে মেতে ওঠেন খোশগল্পে। করেন স্মৃতিচারণা। ঘুরে ঘুরে উপভোগ করেন প্রাকৃতিক সৌন্দর্য, যেন দীর্ঘদিন এমনই মাহেন্দ্রক্ষণের প্রতীক্ষায় ছিলেন তাঁরা। বনভোজনে বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরুষ-নারীদের জন্যও ছিল বিশেষ আয়োজন। বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র। এতে ছিল আকর্ষণীয় পুরস্কার। শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও র্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জুয়েল খান ও সাজ্জাদুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী দুর্লভপুর গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব সফিকুর রহমান, আবদুর রহিম খান, কয়েস আহমদ ও এনামুল হক। দুর্লভপুর গ্রামের লন্ডনপ্রবাসী সাজ্জাদুর রহমান খান, কানাডাপ্রবাসী মহিম আহমেদ, মহসিন আহমেদ, শাহিন আহমেদ প্রমুখ সপরিবারে যোগ দেন এ মিলনমেলায়।
আয়োজকেরা বলেন, সবার আন্তরিক চেষ্টায় এই আয়োজন সফল হয়েছে। একটি বড় পরিবারের মতো সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দুর্লভপুরবাসীর প্রিয় সংগঠন ইউনাইটেড ক্লাব। সংগঠনকে আরও এগিয়ে নিতে তাঁরা সবার সার্বিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন। তারা দেশে দুর্লভপুরবাসীর কল্যাণে আরও বেশি করে কাজ করার কথা বলেন।