ইউরোপে ১৫টি ঘাঁটি বন্ধ করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন দেশে তাদের ১৫টি সামরিক ঘাঁটি বন্ধ করে দিচ্ছে। এগুলোর মধ্যে যুক্তরাজ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিও রয়েছে। বিষয়টি গত বৃহস্পতিবার নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল। খবর এএফপি ও বিবিসির।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানায়, ঘাঁটিগুলো বন্ধ করে দিলে বছরে ৫০ কোটি মার্কিন ডলার সাশ্রয় হবে। এতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি কমবে না, বরং এশিয়ার প্রতি বেশি গুরুত্ব দেওয়ার সুযোগ তৈরি হবে।
ইউরোপে বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্তত ৬০ হাজার সেনা মোতায়েন রয়েছে। এদের অধিকাংশই জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যে অবস্থান করছে। ঘাঁটির সংখ্যা কমলেও ইউরোপে সেনার সংখ্যা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে পেন্টাগন। তবে পর্তুগালের আজোরেস দ্বীপপুঞ্জের লাজেস সামরিক ঘাঁটি থেকে ৫০০ সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এতে অসন্তোষ প্রকাশ করেছে লিসবন।
পরিবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী কয়েক বছরে যুক্তরাজ্য থেকে প্রায় দুই হাজার সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। সাফোকের আরএএফ মাইল্ডেনহল এবং কেমব্রিজশায়ারের আরএএফ মোলসওয়ার্থ ও আরএএফ অ্যালকনবারি থেকে মার্কিন বিমান সেনাদের সরিয়ে নেওয়া হবে।
জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ইতালিতেও কয়েকটি ঘাঁটি বন্ধ করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র কয়েক বছর ধরেই ইউরোপে নিজেদের ঘাঁটিগুলোর জন্য ব্যয় বরাদ্দ কমানোর চিন্তাভাবনা করছে। কৌশলগত কারণে পেন্টাগন এখন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে।
যুক্তরাজ্যের আরএএফ মাইল্ডেনহল ঘাঁটিটি ১৯৫০-এর দশকের শুরু থেকে যুক্তরাষ্ট্রের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। সেখানে থাকা সামরিক বিমানে জ্বালানি ভরার কেসি-১৩৫ ট্যাংকার উড়োজাহাজগুলো জার্মানির মার্কিন ঘাঁটিতে সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।