ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্মব্যথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের নগর জীবনে থামার কোনো যেন অবকাশ নেই l প্রথম আলো
নিউইয়র্কের নগর জীবনে থামার কোনো যেন অবকাশ নেই l প্রথম আলো

সায়েন্স ফিকশন ছবিতে যেমন দেখা যায় সাগর থেকে উঠে আসা দানব তীরে বসবাসকারী অধিবাসীদের গিলে ফেলে কিছুক্ষণ পর এর অংশবিশেষ উদ্‌গিরণ করে দিচ্ছে তেমনি অদেখা এক দৈত্য যেন এই নিউইয়র্ক শহরেও আছে। প্রতিদিন প্রায় ৪৩ লাখ নিউইয়র্কারকে সে জ্যান্ত গিলে ফেলে। আবার সঠিক স্থানে উদ্‌গিরণ করে দেয়। দিন-রাত ২৪ ঘণ্টা চলছে নিউইয়র্কবাসীকে জ্যান্ত এই গিলে নেওয়ার এই প্রক্রিয়া। এসব গিলে নেওয়ার চক্রের নানাবিধ কর্মকাণ্ড নিয়েই গতির শহর নিউইয়র্ক মেতে আছে। 

এই যেমন ১২০ বছরের পুরানো সাবওয়ে সিস্টেমের কথাই ধরি না কেন! জালের মতো বিছানো এই পাতালরেলের সার্বক্ষণিক সেবা নিচ্ছে লাখ লাখ কর্মজীবী মানুষ। সঙ্গে রয়েছেন দুনিয়ার নানা প্রান্ত থেকে আসা দেশ-বিদেশের অসংখ্য পর্যটক। ভোর হতেই শত শত ট্রেন আশপাশে নগর ও কাউন্টি থেকে নিউইয়র্কের কর্মজীবীদের বয়ে নিয়ে আসছে। কেউ কেউ আবার আসছেন ফেরিতে। সবাই যেন দৌড়ের ওপর। সবার এই ছোটাছুটি দেখলে মনে হবে সময়মতো জায়গায় পৌঁছতেই মিলে যাবে দামি পুরস্কার।

নিউইয়র্কের মাটি স্পর্শ করামাত্রই অধিকাংশ নিউইয়র্কারকে নিমেষে জ্যান্ত গিলে নিচ্ছে নিউইয়র্ক শহর। রোড কিংবা অ্যাভিনিউ, তার দুপাশ ধরে পিঁপড়ের সারির মতো লোকজন ছুটছে নির্দিষ্ট ঠিকানায়। কিছুদূর হেঁটে গিয়ে স্বেচ্ছায় তাড়াহুড়ো করে সাবওয়ের পেটে চালান হয়ে যাচ্ছে। ভেতরে যাওয়া মাত্র সংক্ষিপ্ত একটি ঘোষণা দিয়ে দড়াম করে হাঁ মুখ বন্ধ করে পাতালরেল দিল দৌড়। পাতালরেলের পেটে তখন কিলবিল করছে মানুষ নামের লাখ লাখ সচল ব্যাকটেরিয়া।
রাস্তার ওপরের দৃশ্য আরও মজাদার। লাইন ধরে দাঁড়িয়ে থাকে অনেক লোক। জুড়ে দেওয়া দুটো বাস এসে দাঁড়াতেই সুড় সুড় করে বিনা বাক্যব্যয়ে বাসের ভেতর ঢুকে যাচ্ছে অপেক্ষমাণ জনতা। সুযোগ পেয়ে বাসটি চট করে চোখের পলকে গিলে ফেলে জনা বিশেক পথচারীকে। সারা দিন ধরে চলে এই জীবন্ত গিলে ফেলার অবিরাম প্রক্রিয়া। যাঁরা বাসের পেটে চালান হলেন ভেতরে ঢুকেও তাঁরা শান্তিতে নেই। বারবার ঘড়ি দেখেন। প্রতিটি স্টপেজে গাড়ি থেমে যাওয়াতে বেশ বিরক্তও হন। এমনকি রেড লাইটে বাস দাঁড়ানোর সময় বেশি হয়ে গেল কিনা তা-ও দেখেন। সব মিলিয়ে এ যেন ‘উচাটন মন শান্তিতে নাহি রয়’ অবস্থা।
বাণিজ্যিক নগরী নিউইয়র্কের সবচেয়ে ব্যস্ত এলাকা ম্যানহাটন। সেখানে আছে বিশ্বের সবচেয়ে উঁচু উঁচু ভবনগুলো। প্রতিটি ভবনে হাজার হাজার কর্মচারী অবিরাম কাজ করে চলছেন। যাঁরাই কাজ করছেন তাঁদের নিউইয়র্কার হয়ে বেঁচে থাকতে হলে কাজে না আসার কোনো বিকল্প নেই। এই শহরে বেঁচে থাকতে হলে যা পকেটে নিয়ে চলতে হয় তার একটি হলো পরিচয়পত্র এবং অন্যটি হলো ডলার। তা থাকে কখনো নগদে কখনো প্লাস্টিক কার্ডে। দুটোই জরুরি।
নগরীর এই কর্মদানবের নজরের বাইরে কেউ থাকতে পারে না। না, প্রায় কখনোই নয়। সেটা দিনে হতে পারে কিংবা রাতে। দিন শেষে বাড়ি যাওয়ার পথে এই শহরের শেষ কামড়টিও দাঁত চেপে সহ্য করে নিজ ঘরে পৌঁছাতে হয়। প্রতিটি নিউইয়র্কবাসীর প্রাণান্তকর চেষ্টা থাকে ওই কর্মযজ্ঞরূপী দানবটা যেন নিজ ঘরের চৌকাঠ না পেরোতে পারে। কিন্তু কম লোকই এতে সফল হন। সে এতই ক্ষমতাশালী যে তার উপস্থিতি নিজে যেমন টের পান তেমনি অনুভব করেন পরিবারের অন্য সদস্যরাও। কেউ কেউ আবার ওর পক্ষে কথাও বলেন। তিনি কখনো সহধর্মিণী নয়তো সন্তান। তাঁদের একটি না একটি প্রশ্ন থাকবেই নিউইয়র্ক শহর নিয়ে।
আপসে সব সামাল দিয়ে, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় পড়ামাত্রই চলে যেতে হয় ঘুমের রাজ্যে। তখন মনে হবে সম্ভবত এই সময়টুকুই বুঝি নিজের হলো। যদিও জানা যায় না কেমন কাটল সেই কর্মদানবের স্পর্শবিহীন মূল্যবান সময়টুকু। নির্দিষ্ট সময়ে ঘুম ভাঙতেই শরীরে মগজে চেপে ধরল নিউইয়র্কের শহুরে দানব। বিদ্যুৎগতিতে একের পর এক আসতে লাগল নানা শব্দের নানা ধরনের আগাম মেসেজ। যার সংক্ষিপ্ত রূপ হলো আজ সারা দিন তোমাকে আমার বন্দিত্ব মেনে নিয়ে তালিকায় বর্ণিত সব কাজ সূচারুরূপে সমাধা করতে হবে। আর এতেই তুমি পেয়ে যাবে নিউইয়র্কে সম্মানের সাথে বেঁচে থাকার ন্যূনতম রসদ, যার নাম তাবত বিশ্ববাসী বড়ই সমীহের সঙ্গে উচ্চারণ করে এক নামে। আর সেই নামটি হলো ডলার।
দিনের শুরুই হয় আত্মসমর্পণের মুডে। বেশির ভাগ সময়েই ইচ্ছে থাকা সত্ত্বেও পাশে ঘুমানো প্রিয়জনকে জাগানো যায় না। বলা যায় না, এই যে শুনছ, আমি চললাম কাজে। বরং নিঃশব্দে বিছানা ছেড়ে বিড়ালপায়ে উঠে যেতে হয়। কিচেনে গিয়ে কোনো রকমে এক কাপ চা না হয় কফি বানিয়ে বের হয়ে পড়তে হয় নগরপ্রভুর হুকুম তামিলে। ভাগ্য ভালো হলে দ্রুত একটি হট বেগ্যল কিংবা ক্রোসান্ত মেটাবে সারা রাতের ক্ষিদে। না হলে তো শুধু হালকা চায়ের লাল লিকার অথবা কালচে কফির তেতো স্বাদেই সন্তুষ্ট থাকতে হবে। প্রতিদিনের সেই তেতো স্বাদ নিয়ে নিজের বাঁচার তাগিদে যথাসম্ভব দ্রুততায় ধাবমান হন একজন নিউইয়র্কবাসী, অনুভবে তাঁর বহমান থাকে আজব ও পরাক্রমশালী শহুরে অদেখা দৈত্যের পেটে বিনা যুদ্ধে নিজেকে চালান দেওয়ার তাড়া। শহুরে সেই দৈত্যের আহ্বানের সঙ্গে দিনরাত সদাপ্রস্তুত পুরো নিউইয়র্ক শহরজুড়ে নানা চিত্তাকর্ষক স্থাপনা ও আধুনিক সেবা সহযোগীরা। এরাই কোনো আগাম সংকেত না দিয়ে বিনা শর্তে গিলে নিচ্ছে লাখ লাখ জ্যান্ত নিউইয়র্কবাসীকে!