ইডেন কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রীতিভোজ

ইডেন কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ২৯শে অক্টোবর দুপুরে জ্যামাইকার তাজমহল রেস্টুরেন্টে আয়োজন করে ঈদ পুনর্মিলনী, বার্ষিক প্রীতিভোজ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের।
বৃষ্টিভেজা দিনে ইডেন কলেজের প্রাক্তন ছাত্রীরা জমায়েত হয় তাজমহল রেস্টুরেন্টে। অনুষ্ঠানটি পরিণত হয় মিলন মেলায়। দূর-দূরান্ত থেকে অনেকে ছুটে আসেন ইডেনের প্রিয় সহপাঠীদের সাক্ষাতের আশায়। সফলও হন তাঁরা। ইডেন অ্যালামনাইয়ের সদস্যরা ছাড়াও আমন্ত্রিত বিশিষ্টজন বার্ষিক মিলন মেলায় অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন ইডেন মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ আক্তার বানু।
প্রেসিডেন্ট লাইলি মোশারফ অতিথিদের সাদর সম্ভাষণ জানান। অধ্যক্ষ আক্তার বানু সুদূর নিউইয়র্কে এমন শক্তিশালী জমজমাট ইডেন অ্যালামনাই অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে বলে আনন্দ প্রকাশ করেন। তিনি প্রত্যাশা করেন ইডেনের ছাত্রীরা বিশ্বব্যাপী ছড়িয়ে আছেন। তাঁদের মধ্যে মৈত্রীর বন্ধন তৈরি হলে তাঁরা দেশ জাতি ও সমাজের জন্য কাজ করতে পারবেন।
কনসাল জেনারেল শামীম আহসান তাঁর শুভেচ্ছা বক্তব্যে ইডেন অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে এর উত্তরোত্তর সফলতা কামনা করেন।
সাংস্কৃতিক সম্পাদক লুবনা কাইজারের উপস্থাপনায় অনুষ্ঠানটি ছিল মনোমুগ্ধকর। তাঁকে সহযোগিতা করেন শিরিন ইসলাম এবং মুন্নি কোহেলি। দুটি পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক কাওসার পারভিন।
প্রেসিডেন্ট লাইলি মোশারফ অ্যালামনাইদের সবাইকে একাত্ম হয়ে ঈদ পুনর্মিলনী, বার্ষিক প্রীতি ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
সাধারণ সম্পাদক নাসরিন চৌধুরী ইডেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করেন। বাংলাদেশের মেধাবী দরিদ্র ছাত্রীদের বৃত্তি প্রদানের কথা বলেন প্রেসিডেন্ট লাইলি মোশাররফ। ইতিমধ্যেই দুজন দরিদ্র ছাত্রীকে বৃত্তি দেওয়া শুরু হয়েছে। ভবিষ্যৎ এর পরিধি আরও বাড়ানো হবে।
দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ইডেন কলেজের প্রাক্তন ছাত্রীদের মধ্যে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন মনিরা আকনজি, আধুনিক গান পরিবেশন করেন রওশন হাসান, মা ও মেয়ে সুতপা মণ্ডল ও গুঞ্জরি পরিবেশন করেন চতুরঙ্গ উচ্চাঙ্গ সংগীত।
মেলিসা হাসান পরিবেশন করেন নৃত্য।
মুনিয়া মাহমুদ রচিত ‘ইডেনের গান’ কবিতাটি দলীয়ভাবে পাঠ করেন রওশন, নিপা, মুন্নি ও রেশমা।
সামিনা আহমেদ রূপা পরিবেশিত করে দুটি নৃত্য দর্শকদের মনোরঞ্জন করে। বাংলাদেশের খ্যাতিমান নাট্য অভিনেত্রী শিরীন বকুল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্ত করবী’ নাটকের অংশ বিশেষ অভিনয় করেন। কৌতুক বলেন মুনিয়া মাহমুদ। পুথি পাঠ করেন আখতারা খান রুবি।
অতিথি শিল্পীদের মধ্যে ছিলেন নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী তাজুল ইমাম, তাহমিনা শহীদ, সেলিম ইব্রাহিম, রুবিনা শিল্পী ও বাবলি হক। গিটার বাজিয়ে শোনান বাংলাদের রেডিও টেলিভিশনের পরিচিত শিল্পী রেহানা সুলতানা। বিপার নৃত্যশিল্পী জেরিন মাইশার নৃত্য ছিল অসাধারণ পরিবেশনা। শহীদ কাদরীর কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার গোপন সাহা। নাসরিন চৌধুরীর কবিতা আবৃতি করেন টাইম টেলিভিশনের সংবাদ পাঠিকা, সাংবাদিক দিমা নেফারতিতি।
বিশিষ্ট সন্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডন্ট আবুল কালাম আজাদ।
নটরডেম কলেজের প্রাক্তন অধ্যাপিকা হোসনে আরা, জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান প্রাক্তন অধ্যাপিকা সেলিনা আক্তার, প্রখ্যাত লেখক শিক্ষক লিজি রহমান, ডা. সারোয়ার হাসান, ডা. বর্ণালী হাসান, মাহফুজুর রহমানসহ আরও অনেকে।
এপিটাইজার দিয়ে আপ্যায়ন শুরু হয়, পরে ছিল তৃপ্তিদায়ক মধ্যাহ্ন ভোজ। দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা বিরতিহীন অনুষ্ঠানের প্রতিটি পরিবেশনাই ছিল চমৎকার। ঢাকার আজিমপুরে অবস্থিত ইডেন কলেজ যেন চলে এসেছিল সুদূর নিউইয়র্কে, আটলান্টিকের এ পারে। ঈদ পুনর্মিলনী উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশিত হয় মুনিয়া মাহমুদের সম্পাদনায়।
প্রেসিডন্ট লাইলি মোশারফ, সাধারণ সম্পাদক নাসরিন চৌধুরী আগামীতে আরও বড় অনুষ্ঠান করার ইচ্ছা ব্যক্ত করে মিলন মেলাকে সফল করার জন্য সকল অ্যালামনাইদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানকে সফল করার জন্য সার্বিক দায়িত্বে ছিলেন মমতাজ বেগম রানু।
সকলে মিলে কাজ করে অনুষ্ঠানটি সফল করার জন্য সকল অ্যালামনাই ও আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের আহ্বায়ক কাওসার পারভিন।