ইডেন কলেজ অ্যালামনাইর হেমন্ত উৎসব

নিউইয়র্ক নগরীতে ইডেন কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের হেমন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর দুপুরে এ উপলক্ষে জ্যামাইকার একটি রেস্টুরেন্টে বর্ণিল সাজে সমবেত হয়েছিলেন সব প্রবাসী ইডেন কন্যারা।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লেখক নাসরীন চৌধুরী বলেন, হেমন্তের পাতা ঝরা দিনের নবান্ন উৎসবের আমেজেই আয়োজন করা হয়েছে এই আনন্দ উৎসব।
দুপুর থেকে বিকেল গড়ানো এই অনুষ্ঠানে ছিল নানা আয়োজন। পরস্পরের সঙ্গে আলিঙ্গন, কুশলাদি বিনিময়, আলোচনা, কবিতা, গান, অভিনয়, কৌতুক, মন মাতানো আনন্দে সবাই যার যার ইচ্ছে মতো পরিবেশনা করবে এটাই ছিল আয়োজনের লক্ষ্য।
আলোচনায় উঠে এসেছিল বাংলাদেশে নুসরাত হত্যা ও সাম্প্রতিক আবরার হত্যা। নিহতদের প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ইডেন কলেজ নিউইয়র্ক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রেসিডেন্ট লাইলি মোশারফ বলেন, ১৩ জন কার্যকরী সদস্য নিয়ে একটি কমিটি গঠন করে আপাতত সাংগঠনিক কাজকর্ম চালানো হচ্ছে। পরে পরিসর আরও বড় হলে এতে আরও ব্যাপক পরিবর্তন আনা হতে পারে। এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি অলাভজনক প্রতিষ্ঠান।
এই অ্যাসোসিয়েশন সদস্যদের সহযোগিতায় কিছু সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। যেমন— দেশের মেধাবী অথচ গরিব কিছু সংখ্যক ছাত্রীকে বৃত্তি প্রদান করে তাদের লেখাপড়ায় সাহায্য সহযোগিতা করা, প্রবাসে আগত নতুন অভিবাসীদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ান, বিদেশে কোনো দেশি পরিবার বিপদে পড়লে তাদের সাহায্য করা ইত্যাদি। অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছর পিকনিক, বাংলা নববর্ষ, পিঠা উৎসব, হেমন্ত উৎসবসহ নানারকম আনন্দ উৎসবের আয়োজন করা হয়।
হেমন্ত উৎসবে ইডেন কলেজের সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন—লাইলি মোশারফ, মমতাজ বেগম, নাসরিন চৌধুরী, ফারজানা সুলতানা, নিঘাত খান আজাদ, রেশমা চৌধুরী, হোসনে আরা নিপা, লুবনা কাইজার, তাহমিনা কবির, কাজী নাসরিন রীমা, শিরিন বকুল, পারভিন মোশারফ, মনিরা আকঞ্জি, সুতপা মণ্ডল, রেহানা, মুনা, সাঈদা রীতা, সুমনা, হামিদা আক্তার, নিশাত, আকতার খান, রেহানা, শেলী জামান খান, মাহমুদা লুনা, মিলি, পারভীন রহমান প্রমুখ।
ঘরে তৈরি নানা পদের খাবার সহযোগে মধ্যাহ্ন ভোজের আয়োজন ছিল অনুষ্ঠানের আরও একটি আকর্ষণীয় বিষয়।