ইতিমধ্যে ধনী ওবামার আয় আরও বাড়ছে?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর কয়েক দিন ধরে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিনোদন শহর র্যাঞ্চো মিরেজে অবকাশ কাটাচ্ছেন বারাক ওবামা। বয়স মাত্র ৫৫। সামনে হয়তো আছে জীবনের আরও সময়। এখন তবে কী করে দিন কাটাবেন ওবামা? সামনে কী ধরনের উপার্জনের সুযোগই বা আছে তাঁর?
প্রেসিডেন্ট থাকার সময় দুটি বই লিখেই ৫০ লাখ ডলারের বেশি কামিয়েছিলেন ওবামা। সামনের দিনগুলোতে বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতি বক্তব্যের জন্য আড়াই লাখ ডলার পর্যন্ত পেতে পারেন। লেখার হাত তো রয়েছেই। তাহলে সামনে উপার্জনের জন্য কোন পথে যাবেন ওবামা? ‘পেশাদার’ বক্তা, অধ্যাপক, গবেষক, লেখক নাকি পেশাদার বাস্কেটবল দলের মালিকানা? এই পেশাগুলোই ঘুরেফিরে আসছে ওবামার সম্ভাব্য ভবিষ্যতের আলোচনায়।
একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বছরে পেনশন পান প্রায় দুই লাখ ছয় হাজার ডলার। এ ছাড়া আরও কিছু ভাতা আছে। সব মিলিয়ে ওবামা এখনই বেশ ধনী। বছর খানেক আগের এক প্রতিবেদন অনুযায়ী তখন ওবামার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ২০ লাখ ডলারের বেশি।
আমেরিকান ইউনিভার্সিটির কংগ্রেসনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডি সেন্টারের পরিচালক জেসম থারবারের ধারণা, বক্তৃতা দিয়ে অনেক টাকা কামানোর সুযোগ থাকলেও ওবামা হয়তো সেদিকে যাবেন না। তিনি আরও গভীর বুদ্ধিবৃত্তিক কাজের চর্চা করতে আগ্রহী। এর আগে ২০০৯ সালে দ্য অডাসিটি অব হোপ ও ড্রিমস ফ্রম মাই ফাদার বই দুটি লিখে তিনি বেশ সফলতা পেয়েছিলেন। এর ফলে হয়তো স্মৃতিকথা বা অন্য কোনো বই লেখার দিকে মন দিতে পারেন। হোয়াইট হাউসে শেষ সংবাদ সম্মেলনে ওবামা নিজেও জানিয়েছিলেন, তিনি কোনো বই লেখার কাজে হাত দিতে চান।
নিউইয়র্ক টাইমস লিখেছে, ওবামা ও তাঁর স্ত্রী মিশেল বই লেখা বাবদ যেকোনো প্রকাশনীর সঙ্গে দুই থেকে সাড়ে চার কোটি ডলারের চুক্তি করতে পারবেন সহজেই।
ওবামা চাইলে শিক্ষকতা পেশাতেও ফিরে যেতে পারেন। সিনেটর হওয়ার আগে শিকাগো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে আইনের অধ্যাপকেরা বছরে দেড় থেকে দুই লাখ ডলার আয় করেন। অভিজ্ঞতার ভিত্তিতে তা আরও বাড়তে পারে।
ওবামা চাইলে পূর্বসূরি বিল ক্লিনটনকেও অনুসরণ করতে পারেন। সম্পৃক্ত হতে পারেন বিভিন্ন ফাউন্ডেশনের সঙ্গে। মনে করা হয়, মার্কিন যেকোনো প্রতিষ্ঠান ওবামাকে বোর্ড সদস্য হিসেবে পেলে খুশি হবে। তবে জেসম থারবারের মূল্যায়ন, ওবামা যে ধরনের মানুষ, তাতে তিনি হয়তো কোনো করপোরেট প্রতিষ্ঠানের বোর্ড সদস্য হতে চাইবেন না।
পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশ অবসরের পর কয়েকজনের সঙ্গে মিলে বাস্কেটবল দল কিনেছিলেন। পরে বেশ লাভে তা বিক্রি করে দেন। ওবামা চাইলে সে পথেও হাঁটতে পারেন। ২০১৫ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, একটি বাস্কেটবল দলের মালিক হওয়া তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। সুতরাং সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।