আমেরিকায় করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হলেও জনগণকে আশাবাদী রাখার সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প থেকে শুরু করে কংগ্রেস, সিনেট, অঙ্গরাজ্য ও নগর সরকার জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছে। চরম উৎকণ্ঠার মধ্যে নাগরিকদের জন্য ইতিহাসের সবচেয়ে বড় সরকারি সাহায্যের ঘোষণা এসেছে। এপ্রিলের প্রথম সপ্তাহেই সব নাগরিক এক হাজার ডলারের চেক পাবেন। মে মাসের প্রথম সপ্তাহে পাবেন দ্বিতীয় দফা। এর বাইরে নাগরিকদের জন্য আরও চার হাজার ডলারের নগদ অর্থ সাহায্য নিয়ে আইনপ্রণেতারা একমত হওয়ার চেষ্টা করছেন।
করোনায় গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আমেরিকায় প্রায় ১৬০ জনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। প্রতি মুহূর্তেই এই সংখ্যা বাড়ছে। এর মধ্যে নিউইয়র্কে মৃত্যু
হয়েছে ২১ জনের, আক্রান্ত হয়েছে চার হাজারের বেশি। পরিস্থিতি এমন যে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটিকেও এখন এই বিপর্যয় মোকাবিলায় অপ্রস্তুত বলে মনে হচ্ছে।
ট্রাম্প সরকার মনে করছে, করোনাভাইরাস মহামারির জের ১৮ মাস স্থায়ী হতে পারে। তাই সে হিসেবে প্রস্তুতি নিচ্ছে তারা। করোনাভাইরাসের জেরে আরও রোগেরও প্রাদুর্ভাবের আশঙ্কা করা হচ্ছে। নিউইয়র্ক অঙ্গরাজ্য গভর্নরের আশঙ্কা, পরবর্তী ৪৫ দিনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা চরমে উঠতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল সকালে দেওয়া বক্তব্যে আবারও বলেছেন, ‘এ সংকটকে আমরা অতিক্রম করব। ম্যালেরিয়ার জন্য ব্যবহৃত ওষুধ এই ভাইরাসে কিছুটা কার্যকর বলে মার্কিন চিকিৎসকেরা প্রমাণ পেয়েছেন।’
ইতিমধ্যে করোনার থাবায় নিউইয়র্ক, নিউজার্সিসহ বিভিন্ন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্ধ ঘোষিত হয়েছে স্কুল, কলেজ, গির্জা, মসজিদ, রেস্তোরাঁ, বার। আক্রান্ত শহরগুলোতে স্বেচ্ছায় গৃহবন্দী লাখ লাখ কর্মজীবী মানুষ। কাজ হারানোর ভয়ে বিপর্যস্ত জনজীবন। নিউইয়র্কের জনবহুল এলাকাগুলো এমনিতেই বন্ধ হয়ে পড়েছে। জ্যাকসন হাইটসে সব দোকানপাট সপ্তাহে তিন দিন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। ১০ জনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। জ্যামাইকা মুসলিম সোসাইটিসহ মসজিদ, মন্দিরের উপাসনা কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কে নাগরিকদের যেকোনো মুহূর্তে ‘শেল্টার ইন প্লেস’ নির্দেশনার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
নিউইয়র্কের নাইটক্লাব, মুভি থিয়েটার ও কনসার্ট ভেন্যু বন্ধ করে দিয়েছে শহর কর্তৃপক্ষ। বলা হয়েছে, সেখানকার রেস্তোরাঁ, বার ও ক্যাফেগুলো থেকে খাবার শুধু ডেলিভারি নেওয়া যাবে, কেউ সেখানে বসে খেতে পারবেন না।
প্রথম অস্থায়ী করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে নিউইয়র্ক নগরের স্ট্যাটেন্ট আইল্যান্ডে। সবার জন্য টেস্টিং সুবিধাটি গতকাল সকাল থেকে সিভিউ অ্যাভিনিউর কাছে সাউথ বিহেভিওরাল হেলথ সেন্টারের পার্কিং লটে পাওয়া যাচ্ছে।
আমেরিকার ন্যাশনাল গার্ড প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে ১৮ মার্চ ম্যানহাটনে এসেছে। কেন্দ্রটি চালাতে তারা প্রস্তুতি নিয়েছে। বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই কেন্দ্র খোলা থাকবে। যেকোনো ব্যক্তি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই সেবা নিতে পারবেন। এ ছাড়া অঙ্গরাজ্যের ওয়েস্টচেস্টার কাউন্টির নিউ রোচেল ও লং আইল্যান্ডের জোন্স বিচে আরও দুটি কেন্দ্র খোলা হয়েছে।
মেয়র বিল ডি ব্লাজিও বলেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে ৮৮৮–৩৬৪–৩০৬৫ নম্বরে যোগাযোগ করতে হবে। শিগগিরই শহরে কিছু ওয়াক-ইন সাইট খোলার পরিকল্পনা রয়েছে।
এর মধ্যেই দেশের বিভিন্ন নগরকেন্দ্র থেকে লঙ্গরখানার মতো ফ্রি খাবার দেওয়া শুরু হয়েছে। অস্থায়ী শেল্টার নির্মাণ করা হচ্ছে। ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে আশপাশের কমিউনিটির লোকজনের সাহায্যে এগিয়ে আসছে। কেউ খাবার বিতরণ করছেন, কেউ পৌঁছে দিচ্ছেন জরুরি সামগ্রী। অনেকটাই যুদ্ধাবস্থা বিরাজ করছে আমেরিকাজুড়ে। কেউ জানে না, এর শেষ কোথায়। স্কুল-কলেজ আর এই শিক্ষাবর্ষে খুলছে না। বিশ্ববিদ্যালয়গুলো এ সেমিস্টারে শিক্ষার্থীদের ক্যাম্পাসে না আসার নির্দেশনা পাঠাচ্ছে।
কেন্দ্র ও রাজ্য সরকারের নানা উদ্যোগের পাশাপাশি অর্থনীতির বিপর্যয় রোধে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় অর্থ সাহায্য নিয়ে কাজ করছে ওয়াশিংটন। কর্মহীন মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, ভাড়াটে, বাড়ির মালিক, স্বেচ্ছা কর্মজীবী, প্রবীণ ও শিশুদের ঘরে থাকার জন্য মজুরির দুই তৃতীয়াংশ ঘরে বসে পাওয়াসহ যুগান্তকারী সব সাহায্যের হাত বাড়ানো হয়েছে। ১৮ মার্চ মার্কিন সিনেটে নাগরিকদের সহযোগিতায় ৯০-৮ ভোটে এ সংক্রান্ত বিল পাস হয়েছে। বিলে প্রেসিডেন্ট দ্রুত স্বাক্ষর করায় ‘করোনাভাইরাস রিলিফ প্যাকেজ’ আইনে পরিণত হয়েছে। পূর্ণ বিল প্রকাশিত না হওয়ায় পুরো বিষয়টি জানতে দু-এক দিন লাগবে। নাগরিকদের সরাসরি সুবিধা দিতে তৃতীয় একটা আইন প্রস্তাব আসছে এই সপ্তাহে। এর মধ্যেই ফেমা (ফেডারেশন ইমার্জেন্সিম্যানেজম্যান্ট এজেন্সি) পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে।
সিনেটর হোসে হাউলি বলেন, তিনজনের পরিবারের জন্য ১ হাজার ৪০০ ডলার এবং পাঁচজনের পরিবারের জন্য ২ হাজার ২০০ ডলার এককালীন দেওয়ার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে। অবশ্য মিট রমনিসহ একাধিক সিনেটর প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য এক হাজার ডলার নগদ অনুদানের প্রস্তাব নিয়ে কাজ করছেন।
দেশটির মুসলিম নারী কংগ্রেস সদস্য ইলহান ওমর প্রতিটি প্রাপ্তবয়স্ককে ১০০০ ডলার এবং অপ্রাপ্তবয়স্ককে অতিরিক্ত ৫০০ ডলার দেওয়ার জন্য নিজের পরিকল্পনা ঘোষণা করেছেন।
অস্ত্র কেনার হিড়িক
নিউইয়র্কসহ বেশ কিছু স্থানে এশীয়দের ওপর হামলার ঘটনা বেড়ে যাওয়ায় অস্ত্র ও গোলাবারুদ কেনার হিড়িক পড়েছে কিছু কিছু অঞ্চলে। অস্ত্র কিনতে দোকানের সামনে ক্রেতাদের দীর্ঘ লাইন চোখে পড়ছে প্রতিনিয়ত। কারণ হিসেবে ক্রেতারা বলছেন, করোনার প্রাদুর্ভাবে ব্যবসা-বাণিজ্য বন্ধ করতে বাধ্য করা হচ্ছে। ফলে লুটেরাদের উদয় হবে। তাই নিজেদের নিরাপত্তার স্বার্থে অস্ত্র কিনে রাখছেন তাঁরা।
ক্যালিফোর্নিয়ার কালভার সিটিতে দেখা যায়, মার্টিন রেটিং গানস নামের এক অস্ত্রের দোকান খোলার আগেই বাইরে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন ক্রেতারা। লস অ্যাঞ্জেলসের বাসিন্দা ড্রিউ প্লোটকিন বলেন, সবাই ভয় পাচ্ছে। নিজেদের রক্ষা করতে চাইছে সবাই। এশীয় ক্রেতারাই বেশি অস্ত্র কিনছেন বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার খুচরা বিক্রেতারা।
চীনের হুবেই প্রদেশ থেকে ১৬৬ দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়ে ১৯ মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৯ হাজার ৩১৮ জন মারা গেছে বলে জন হপকিন্স রিসোর্স সেন্টারের তথ্যে উল্লেখ করা হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৭৪৩ জন। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বিশ্বের ৮৪ হাজারের বেশি মানুষ।
এ অবস্থায় করোনাভাইরাস মোকাবিলায় প্রায় দু মাসের জন্য সব ধরনের জনসমাগম বা অনুষ্ঠান বাতিলের পরামর্শ দিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। অন্তত ৩২টি অঙ্গরাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। লাস ভেগাসের বেশ কিছু রিসোর্ট, ক্যাসিনো বন্ধ করে দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞ মত
ইবোলা প্রাদুর্ভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করেছেন লেখক মঈনুস সুলতান। ভাইরাস মোকাবিলায় নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে একমাত্র উপায় নিজেকে রক্ষা করা ও ব্যক্তিগত দূরত্ব বজায় রাখা। হ্যান্ড সেনিটাইজেশনের জন্য লিকুইডটা ৬০ শতাংশ কার্যকর কি না, তা দেখে নিতে হবে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর সাবান-জল। ঘরের বাইরের দরজায় হাত রাখার আগেই এ সাবান-জল রাখতে হবে। হাত কবজি পর্যন্ত নয়, একটু ওপরে হাতা গুটিয়ে হাত ধুতে হবে। ২০ সেকেন্ড বলা হলেও ৩০ সেকেন্ড ধরে ধোয়াটা ভালো।
সেলফোনের মেটাল বা প্লাস্টিক কভারে ভাইরাস দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। এ জন্য বাইরে গেলে মোবাইল ফোন কোথাও না রাখা, ঘরে ফিরে মোবাইল ফোন স্টেরিলাইজ করার জোর পরামর্শ দিয়েছেন মঈনুস সুলতান। আবার যারা গাড়ি চালাচ্ছেন, তাঁদের গাড়িতে ওঠার হাতল স্টেরিলাইজ করে গাড়িতে উঠতে পরামর্শ দেন তিনি।