
যুক্তরাজ্যে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টির পরাজয়ের কারণ বিশ্লেষণের দায়িত্বে থাকা নেতা জন ক্রুডাস বলেছেন, দলটি এর ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মধ্যে পড়েছে। বিবিসির রেডিও ফোরের সঙ্গে গত সপ্তাহে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এবারের নির্বাচনী পরাজয়টি সবচেয়ে করুণ। খবর বিবিসির।
জন ক্রুডাস মনে করেন, কেবল ‘ছোটখাটো নীতি নিয়ে’ মাথা ঘামানোই নির্বাচনে লেবারের পরাজয়ের কারণ। তাঁর মতে, এ পরিস্থিতি থেকে বের হয়ে আসতে দরকার ‘নির্মোহ বিশ্লেষণ’।
ডাগেনহ্যামের এমপি ক্রুডাস লেবার পার্টির এবারের নির্বাচনী ইশতেহার তৈরিতেও সহযোগিতা করেছেন। তিনি বলেন, ‘১৯১৮ সালের পর ২০১০ সালের নির্বাচনে পরাজয়ই এত দিন ছিল লেবারের জন্য সবচেয়ে বাজে ধরনের হার। তবে ১০ দিন আগের নির্বাচনে আমরা যেভাবে হেরেছি সেটি নিকৃষ্টতম।’
ক্রুডাস মনে করেন, লেবার পার্টিকে এখন ‘আত্মোপলব্ধির জন্য যাত্রা’ শুরু করতে হবে। এর কারণ ভোটাররা জানেন না, দলটির অবস্থা কী।
নির্বাচনে পরাজয় নিশ্চিত হতেই লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। সাক্ষাৎকারে ক্রুডাসকে প্রশ্ন করা হয়েছিল, মিলিব্যান্ডের উত্তরসূরি হিসেবে তিনি কাকে যোগ্য মনে করেন। জবাবে তিনি বলেন, ‘তাঁরই নেতা হওয়া উচিত, যিনি পরাজয়ের পরেও এগিয়ে যেতে পারেন। দলকে ধারণ করেন এবং প্রকৃত নেতৃত্ব দেখাতে পারেন।’
ইভেট কুপার, অ্যান্ডি বার্নহ্যাম, লিজ কেন্ডল এবং মেরি ক্রে লেবার দলের নতুন প্রধান হওয়ার জন্য প্রার্থিতার কথা ঘোষণা করেছেন। এঁদের পাশাপাশি ট্রিসট্রাম হান্ট আগামী সপ্তাহে তাঁর প্রার্থিতা ঘোষণা দেবেন বলে মনে করা হচ্ছে।
দলীয় প্রধানের পদপ্রার্থী অ্যান্ডি বার্নহ্যামের লেবার পার্টির ইউরোপ বিষয়ক নীতি পরিবর্তনের আহ্বানের প্রেক্ষাপটে জন ক্রুডাস দল নিয়ে এসব মন্তব্য করলেন। দৈনিক অবজারভার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে বার্নহ্যাম বলেছেন, তিনি দলীয় প্রধান হলে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের সদস্যপদ নিয়ে ২০১৬ সালে গণভোট অনুষ্ঠানে সমর্থন দেবেন। যুক্তরাজ্যের ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা কাটাতেই এটি প্রয়োজন বলে দাবি করেন দলের শীর্ষ পদের প্রার্থী এ নেতা।