ইন্ডিয়ানাপোলিসে যেভাবে নির্মিত হচ্ছে মসজিদ

ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো, মিশিগানের ডেট্রয়েট আর ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস—এই তিন শহর মানচিত্রে ত্রিভুজ আকৃতির সীমারেখায় অবস্থিত। শিকাগো আর ডেট্রয়েটের মধ্যভাগের শহর ইন্ডিয়ানাপোলিসের কারমেলে বসবাস করেন বেশ কয়েক হাজার মুসলিম অভিবাসী। এঁদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা কয়েক শ। বাংলাদেশিসহ অন্যান্য দেশের মুসলিমরা মিলে এই শহরে প্রথমবারের মতো একটি মসজিদ প্রতিষ্ঠার অনুমতি পেয়েছেন শহরের ল্যান্ড অ্যান্ড জোনিং কমিটির শুনানিতে। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই শুরু হবে মসজিদ নির্মাণের কাজ। তবে এই মসজিদ নির্মাণের অনুমোদন নেওয়ার লড়াই মনে রাখার মতো।
কারমেল শহরে গত ২৬ জানুয়ারি অনুষ্ঠিত এক গণশুনানিতে মসজিদ নির্মাণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মুসলিম কমিউনিটি দীর্ঘদিন ধরে একটি ভাড়া ঘর মসজিদ হিসেবে ব্যবহার করে আসছিল। আল-সালাম ফাউন্ডেশন নামে একটি সংগঠনের উদ্যোগে এই কার্যক্রম চলছে। এই শহরে মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটি স্থায়ী মসজিদ নির্মাণের আকাঙ্ক্ষা ছিল দীর্ঘদিনের।
ইতিপূর্বে কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও নানামুখী জটিলতা ও বিভিন্ন মহলের বাধার কারণে শেষ পর্যন্ত মসজিদ নির্মাণের চেষ্টা আলোর মুখ দেখেনি। কমিউনিটির মুসলিম নেতারা দীর্ঘদিন সিটি মেয়র, স্থানীয় জনপ্রতিনিধি ও সিভিল সোসাইটির সঙ্গে মতবিনিময় এবং আলোচনার পর মসজিদ নির্মাণের জন্য একটি সম্ভাব্য স্থান নির্বাচন করে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় স্থানীয় কিছু বাসিন্দা। তারা নির্ধারিত স্থানে কোনোভাবেই মসজিদ নির্মাণ করতে দিতে রাজি নয়। এমনকি মসজিদ নির্মাণবিরোধী স্থানীয় বাসিন্দারা ব্যক্তিগতভাবে ও সামাজিক প্রচারমাধ্যমে ব্যাপক নেতিবাচক প্রচারণা চালায় এবং বাসিন্দাদের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা চালাতে থাকে। মসজিদ নির্মাণবিরোধী জনমত তৈরি করে একপর্যায়ে শহর কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন তাঁরা।
রীতি অনুযায়ী মসজিদ বা প্রতিষ্ঠান নির্মাণ করার জন্য নগর কর্তৃপক্ষ ২৬ ফেব্রুয়ারি একটি গণশুনানির ডাক দেয়। শহরের জোনিং বোর্ডের ডাকা এই শুনানিতে মসজিদ নির্মাণের পক্ষে নিজেদের অবস্থান ঘোষণার জন্য ওই দিন সন্ধ্যা ৬টার মধ্যেই এক হাজারের বেশি স্থানীয় বাসিন্দা উপস্থিত হন। আর শুনানিতে অংশ নিতে দুই শতাধিক লোক নিজেদের নাম তালিকাভুক্ত করে।
দীর্ঘ পাঁচ ঘণ্টা শুনানিতে তথ্য ও বিপক্ষের যুক্তি উপস্থাপন চলে। মসজিদনির্মাণ বিরোধীদের মধ্যে ভারতীয় ও চীনা অভিবাসীর সংখ্যা অনেকের কাছে রীতিমতো অবাক করার মতো মনে হয়েছে। মসজিদ নির্মাণ বন্ধের দাবিতে তারা নানা তথ্য-প্রমাণাদি নিয়ে শুনানিতে হাজির হয়। তবে শেষ পর্যন্ত শুনানিতে জয় হয় মসজিদ নির্মাণকারীদের। উপস্থিত মুসলিমরা নিজেদের ধর্মীয় আবেগ ও সম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে আবেগী বক্তব্য দেন। পরে পাঁচ সদস্যবিশিষ্ট বোর্ডের তিনজন সদস্য মসজিদ নির্মাণের আবেদন অনুমোদন করে। বিপক্ষে ভোট দেন দুই সদস্য।
এই মসজিদ প্রতিষ্ঠার জন্য মুসলিম কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশি অভিবাসীরা কঠোর পরিশ্রম করছেন। কর্তৃপক্ষের কাছে মসজিদ নির্মাণের পক্ষে বিপুল জনসমর্থনের বার্তা পাঠাতে তাঁদের ঐকান্তিক চেষ্টা কাজে লেগেছিল। শহরের বিশিষ্ট বাংলাদেশি অভিবাসী বল স্টেট ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ড. মাসুম আলী এক খুদে বার্তায় জানান, ইন্ডিয়ানার মুসলিমদের জন্য এটি একটি ঐতিহাসিক বিজয়। আমাদের এই বিজয় থেকে অনেক কিছু শেখার আছে। তিনি এই বিজয়ের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। আল-সালাম ফাউন্ডেশন কর্তৃপক্ষ বলেছে, শহর কর্তৃপক্ষের প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে তারা শিগগিরই এই মসজিদ কমপ্লেক্স নির্মাণ শুরু করতে পারবেন।