ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন পারমাণবিক সাবমেরিন দুর্ঘটনার কবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুর্ঘটনার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিন
ফাইল ছবি: রয়টার্স

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুর্ঘটনার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিন। গত ২ অক্টোবর বিকেলে সাবমেরিনটির সঙ্গে অজ্ঞাত কোনো বস্তুর ধাক্কা লাগে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন নৌবাহিনী এসব তথ্য জানিয়েছে। খবর এএফপির।

দুর্ঘটনার পর নৌবাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দ্য ইউএসএস কানেটিকাট নামের ওই সাবমেরিনটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আন্তর্জাতিক জলসীমায় ছিল। এ সময় দুর্ঘটনাটি ঘটে। এতে সাবমেরিনে থাকা কেউ গুরুতর আহত হননি। সাবমেরিনটির ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে ইউএসএনআই নিউজ নামের একটি ওয়েবসাইটে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকের এই দুর্ঘটনায় ১০ থেকে ১২ জন নাবিক আহত হয়েছেন। তাঁরা মাঝারি থেকে সামান্য আঘাত পেয়েছেন। ইউএসএনআই নিউজে নৌবাহিনীসংক্রান্ত খবরাখবর প্রকাশ করা হয়।
ওয়েবসাইটটিতে বলা হয়, সাবমেরিনটি বিতর্কিত দক্ষিণ চীন সাগরে অবস্থান করছিল। এই সাগরের অনেক অংশই নিজেদের বলে দাবি করে আসছে চীন। দেশটিকে চ্যালেঞ্জ জানাতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একাধিকবার সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। খতিয়ে দেখা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণও। তবে সাবমেরিনটি বর্তমানে নিরাপদে আছে বলে জানিয়েছে তারা। নৌবাহিনীর ভাষ্য, সেটির পারমাণবিক যন্ত্রাংশগুলোর কোনো ক্ষতি হয়নি এবং সম্পূর্ণ সচল আছে।

ইউএসএস কানেটিকাট এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে ইউএসএনআই নিউজ।