ইভানকাকে আমন্ত্রণ করে বিতর্কে সিইএস প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি বিষয়ক এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পকে অতিথি করায় বিতর্ক শুরু হয়েছে। ৭ জানুয়ারি ‘সিইএস টেক এক্সপো’–এর অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তৃতা করার কথা রয়েছে ইভানকার। এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরোধিতায় নেমেছেন অনেকে।
তবে সিইএস টেক এক্সপোর প্রধান গ্যারি সাপিরো বলেন, একজন তরুণ প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে দারুণ কাজ করেছেন ইভানকা। তার কাজ ভবিষ্যতে চাকরিপ্রার্থীদের উন্নয়নে কাজ লাগবে।
সমালোচকেরা বলছেন, বেশি দক্ষতা থাকা সত্ত্বেও অনেক নারী সিইএস টেক এক্সপোতে বক্তৃতা করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। আর শুধু হাই প্রোফাইলের কারণে ইভানকা সেই সুযোগ পেয়ে গেছেন।
সমালোচকদের এমন বক্তব্য মানতে মোটেই রাজি নন গ্যারি সাপিরো। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী দিনে চাকরির ক্ষেত্রে অনেক বিষয়ে মনোযোগ দেওয়ার আছে। সেই সঙ্গে ইভানকা ট্রাম্প কি করছেন, সেদিকে আমাদের আলাদা মনোযোগ আছে।’ তিনি আরও বলেন, মার্কিন সরকার প্রযুক্তি ব্যবসার মতো গুরুত্বপূর্ণ খাতে কীভাবে কাজ করছে, সেটাও জানা দরকার।
গ্যারি বলেন, ইভানকা মার্কিন প্রেসিডেন্টের জব ক্রিয়েশন অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। সুতরাং তাকে এ ধরনের অনুষ্ঠানের মূলপর্বে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া মোটেও ভুল সিদ্ধান্ত নয়।
অনেকের ধারণা, ইভানকাকে ওই অনুষ্ঠানে আনার জন্য হোয়াইট হাউসের চাপ রয়েছে। তবে গ্যারি সাপিরো ওই ধারণা উড়িয়ে দিয়ে বলেন, ইভানকাকে এক্সপোতে হাজির করা তার একমাত্র উদ্দেশ্য নয়। এ ব্যাপারে হোয়াইট হাউস থেকেও কোনো চাপ নেই।
কয়েকদিন আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইভানকা ট্রাম্প সিইএস টেক এক্সপোর একটি সেশনে প্রযুক্তি খাতে চাকরির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। এরপর এক শর বেশি টুইটার ব্যবহারকারী বয়কট হ্যাশট্যাগ ব্যবহার করে বিষয়টি নিয়ে আপত্তি জানান।
ক্যারোলিনা মিলানেসি নামে এক ব্লগার লিখেছেন, ট্রাম্পের চারপাশে প্রযুক্তি নিয়ে কাজ করে এমন অনেক নারী উদ্যোক্তা রয়েছেন, যারা প্রযুক্তি কীভাবে ভবিষ্যৎ কাজে প্রভাব ফেলবে তা
ভালো জানেন।