
নিউইয়র্কে বাংলাদেশিদের সবচে বড় মসজিদ কেন্দ্র জ্যামাইকা মুসলিম সেন্টারে ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত ইসলামিক স্কলার ইমাম শামশি আলীকে বহাল রাখার পক্ষে রয়েছেন কেন্দ্রীয় কমিটি এবং বোর্ড অব ট্রাস্টের সিংহভাগ সদস্য।
শামশি আলীকে অপসারণ চেয়ে বেশ কিছু মুসল্লি একটি লিখিত ব্যাখ্যা সংবলিত আবেদন জমা দিয়েছিলেন মসজিদ কমিটির কাছে। সেই খবর প্রথম আলোয় ছাপা হলে, অনেক সাধারণ মানুষ ফোন করে প্রতিবাদ জানিয়েছেন। বলেছেন, ইমাম শামশি আলীকে অপসারণ করতে হীন রাজনৈতিক মতাদর্শের কিছু মানুষ উঠে পড়ে লেগেছে।
জ্যামাইকা মুসলিম সেন্টারের ট্রাস্টি বোর্ড প্রধান ড. মোহাম্মদ বিল্লাহ জানিয়েছেন, ‘শামশি আলীর অপসারণ দাবি করে যাদের সাক্ষর নেওয়া হয়েছে, তাঁদের অনেকে বিষয়টি ভালোভাবে না না জেনে সাক্ষর দিয়েছেন বলে আমরা অভিযোগ পেয়েছি। এর বাইরে শামশি আলী এমন কোনো কাজ করেননি যেটা জ্যামাইকা মুসলিম সেন্টার অথবা আমাদের জন্য ক্ষতিকর। বরং, তিনি আঞ্চলিকতার বাইরের এবং ভিনদেশি হওয়ার কারণে কোনো দলাদলি না করে খুতবায় বস্তুনিষ্ঠ কথা বলেন। সেটা উপভোগ করেন সাধারণ মুসল্লিরা। তাঁর বিরুদ্ধে যাঁরা কথা তুলছেন, তাঁরা সংখ্যায় একেবারে নগণ্য এবং সাধারণ মুসল্লিরা তাঁদের উদ্দেশ্য সম্পর্কে জানেন। সে কারণে, এই ধরনের সংবাদ সংখ্যাগরিষ্ঠ মুসল্লিদের ব্যথিত করেছে।’
জ্যামাইকা মুসলিম সেন্টারের কনস্টিটিউশন কমিটির সাবেক সদস্য জসীম উদ্দীন নরুননবী বলেছেন, শামশি আলীকে সিংহভাগ তরুণ এবং নারী নামাজের বেশি পছন্দ করেন। জ্যামাইকা মসজিদে অধিক মুসল্লির অংশগ্রহণের বড় কারণ শামশি আলী। তাঁকে অপসারণের যারা দাবি করছেন, তাঁদের হীন ব্যক্তি স্বার্থ থাকতে পারে।
উল্লেখ্য, ‘জ্যামাইকা মুসলিম সেন্টারে ইমাম শামশি আলীকে নিয়ে অস্বস্তি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় গত সপ্তাহে প্রথম আলোতে। ওই সংবাদে জনৈক ডা. জুন্নন চৌধুরীর বরাত দিয়ে ইমাম শামশি আলীর বিরুদ্ধে উত্থাপিত বেশ কিছু অভিযোগও প্রকাশ পায়। যেখানে বলা হয়েছিল, ইমাম শামশি আলীর কিছু কর্মকাণ্ড তাকওয়া পরিপন্থী যা ইমাম পদের সঙ্গে সাংঘর্ষিক।
এসব অভিযোগ নিয়ে ইমাম শামশি আলীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি দেশের বাইরে গেছেন বলে জানানো হয় মসজিদ কমিটির পক্ষ থেকে। মসজিদের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মনজুর আহমেদ চৌধুরী জানান, তিনি ফিরে আসার পর বিতর্ক অবসানে সবকিছু করা হবে।