ইমিগ্রান্টদের স্বনির্ভর করতে পাবলিক চার্জ!

আমেরিকার ইমিগ্রেশনের সঙ্গে মেডিকেইড বা স্বাস্থ্যসেবা, ফুড স্ট্যাম্প বা খাদ্য সহায়তাসহ সরকারি সুবিধা জড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ‘পাবলিক চার্জ’ বিধি সম্প্রসারণ করেছেন। ১৫ অক্টোবর থেকে এই বিধি কার্যকর হওয়ার কথা রয়েছে। প্রস্তাবের বিরুদ্ধে এককাট্টা হয়েছেন ইমিগ্রেশন বা অভিবাসন সীমিতকরণ আইনবিরোধী নানা পক্ষ।
বিভিন্ন পর্যায়ে সরকারি সুবিধা গ্রহণকারী ইমিগ্রান্ট বা অভিবাসীরা পরিবর্তিত ‘পাবলিক চার্জ’ বিধির কারণে তাদের আমেরিকায় পুনঃপ্রবেশে, ভিসা নবায়নে, গ্রিনকার্ড বা নাগরিকত্ব পেতে বাধার মুখে পড়বেন। প্রেসিডেন্টের অভিবাসন নীতির নির্বিচার বিরোধিতা নিয়ে ইমিগ্রেশন অ্যাটর্নিরাও বিভক্ত। সমস্যাটির একটি স্থায়ী সমাধানে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা অনুধাবন করতে বরাবরই ব্যর্থ হয়েছেন সংশ্লিষ্টরা।
বৈধ অভিবাসন বৃদ্ধির পক্ষে জনসমর্থন বাড়ানোর অন্যতম পন্থা হচ্ছে, যারা এ দেশে আসছে তারা পরিশ্রম করেই নিজেদের ভাগ্য বদলাবে। অন্যের ওপর বোঝা হয়ে নয়—এটাই প্রমাণ করতে হবে।
আর্থিক সুবিধা, ওয়েলফেয়ার ইত্যাদিতে সরকারের উদারনৈতিক নীতিমালাই অভিবাসীদের আকৃষ্ট করে বলে বিশ্বাস করেন অনেক আমেরিকান। অবশ্য একটা পক্ষ মনে করে, এটি একটি ভ্রান্ত ধারনা। অভিবাসীরা এখানে এসে নিজের পায়ে দাঁড়াতে পরিশ্রম করবে। নিজের পরিবারকে সাপোর্ট করবে। এখানকার অর্থনীতিকে গতিশীল করতে সাহায্য করবে—এমন নীতির প্রণয়ন এবং তাতে সমর্থন দিলে বৈধ অভিবাসন বৃদ্ধির ক্ষেত্রে জনসমর্থন পাওয়া সহজ হবে বলে এই পক্ষের মত।
ট্রাম্পের সংশোধিত পাবলিক চার্জের সমর্থকদের মতে, দূরদর্শী দৃষ্টিকোণ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা করছেন। তাদের মতে, প্রেসিডেন্টের ‘পাবলিক চার্জ’ নীতির সম্প্রসারণ প্রস্তাবটি বৈধ অভিবাসন ব্যবস্থার পক্ষে একটি সুদূরপ্রসারী ও ইতিবাচক পদক্ষেপ হতে পারে।
আক্ষেপের বিষয় হচ্ছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কাজ করতে চান না কংগ্রেস প্রতিনিধিরা। প্রাথমিক নির্বাচনের বৈতরণি পার হতে চান তারা। যে কারণে অভিবাসন পদ্ধতির একটি স্থায়ী সমাধানে মনযোগ দেওয়ার বদলে তারা দলের চরমপন্থীদের ভোট সংগ্রহের আপাত ফলদায়ক কার্যক্রম নিয়েই ব্যস্ত থাকেন। ফলে, অভিবাসন পদ্ধতির উন্নয়ন আর হয় না। কংগ্রেস নেতৃবৃন্দ যদি প্রকৃতপক্ষেই আগত অভিবাসীদের উন্নততর জীবনমান কামনা করে থাকেন, তবে অভিবাসন, ওয়েলফেয়ার, কাজকর্ম বিষয়ে আমেরিকানদের ন্যায্য ও সর্বজনীন যে উদ্বেগ রয়েছে, তা চিহ্নিত ও প্রতিকারে আইন প্রণয়নে সচেষ্ট হবেন।
সাধারণভাবে আমেরিকানরা অভিবাসীদের শ্রমের মাধ্যমে আয় করার সুযোগকে সমর্থন করেন। লাখ লাখ অভিবাসীর স্বপ্নও ছিল সেটি। ক্রমে সরকারি বিশেষ সুবিধা প্রদান, ওয়েলফেয়ার ইত্যাদি শুরু হয়, বিস্তৃতি লাভ করে। অনেকের দৃষ্টিতে তা হয়ে উঠছে আমেরিকায় অভিবাসনের প্রধান আকর্ষণ। এখানে আসলেই সবকিছু ফ্রি পাওয়া যায়, আর কাজ করতে হবে না। এমন ধারণা জন্মানোটা অকল্যাণকর মনে করেন অনেকে। এ বিষয়ে সিংহভাগ আমেরিকান যথার্থ কারণেই উদ্বিগ্ন।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই ‘পাবলিক চার্জ’ নীতি অভিবাসী গোষ্ঠীকে ওয়েলফেয়ার পদ্ধতির ওপর নির্ভরশীলতার তুলনায় কাজ করে আর্থিক উন্নয়নে অধিক উৎসাহ দেবে বলে মনে করছেন সমর্থকেরা। তারা মনে করেন, এর ফলে ভবিষ্যতে স্বনির্ভর একটা অভিবাসী-সমাজ আমেরিকানরা পাবে। কিছু পরিবারের জন্য তা সাময়িকভাবে কষ্টদায়ক হলেও এটি বৈধ অভিবাসনের ব্যাপারে আমেরিকার জনমনে ইতিবাচক ধারণা জন্মাবে। এ দেশের বৈধ অভিবাসনকে আমেরিকানরা স্বাগত জানাবে।
আদর্শিকভাবে কংগ্রেসের নেতৃবৃন্দ, অভিবাসন বিষয়ক আশ্রয়নীতি ‘ডাকা’, সীমান্ত নিরাপত্তা প্রভৃতি সংবলিত বিশদ অভিবাসন প্রস্তাবে প্রেসিডেন্টের এ ধরনের ‘পাবলিক চার্জ’ নীতিও অন্তর্ভুক্ত করলে আমেরিকানরা এসব ইস্যুতে একটি মধ্য স্তর খুঁজে পাবেন। দুর্ভাগ্যবশত কংগ্রেসকে এ সুযোগ এড়িয়ে চলতে দেখা যায়।
অভিবাসন বিষয়ে একসঙ্গে কাজ করার জন্য মধ্য স্তর খুঁজতে ব্যর্থ হলে অথবা তা এড়িয়ে যাওয়ার মানসিকতা পরিহার না করলে অভিবাসন ক্ষেত্রে গণ আস্থা হ্রাস পাবে। আমেরিকার অভিবাসন পদ্ধতি ত্রুটিপূর্ণই রয়ে যাবে।
এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের পাবলিক চার্জ বিধি স্থগিত চেয়ে মামলা হয়েছে। এ মামলার দিকে চেয়ে আছে আমেরিকার কয়েক লাখ লাখ ইমিগ্রান্ট। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ আইন প্রণেতাদের ওপর চাপ সৃষ্টি করবে। এ নিয়ে সমঝোতাও হতে পারে। লাখ লাখ অভিবাসী সামাজিক নিরাপত্তার নানা কর্মসূচির ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। অনেকেই ফুড স্টাম্প বা অন্যান্য কর্মসূচিতে না থাকলেও মেডিকেইড গ্রহণ করছেন। স্বাস্থ্যের মতো জরুরি এ বিষয় নিয়ে উদ্বিগ্ন ইমিগ্রান্ট এবং তাদের পক্ষের লোকজন। এর একটি সমাধান চাচ্ছেন তারা। এ সমাধান এখন নির্ভর করছে আদালতের ওপর, নির্ভর করছে আইন প্রণেতাদের ওপর।