ইমিগ্রেশন নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ইমিগ্রেশন নিয়ে আবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় প্রদান করেছেন। ডাকা (ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল) কর্মসূচি নামে পরিচিত ওবামা আমলের ইমিগ্রেশন কর্মসূচি অবসানের জন্য ট্রাম্প প্রশাসনের উদ্যোগের বিপক্ষে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট।
গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ৫-৪ ব্যবধানে ট্রাম্প প্রশাসনের বিপক্ষে এই রায় দেন।
এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট পরপর দুবার প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের বিপক্ষে অবস্থান নিলেন। এর আগে সমকামী ও তৃতীয় লিঙ্গের প্রতি কর্মক্ষেত্রে বৈষম্যের অবসান নিয়ে সুপ্রিম কোর্ট রায় প্রদান করেন।
গতকাল সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর ডাকা কর্মসূচির সুবিধাভোগীরা তাঁদের ওয়ার্ক অথোরাইজেশন নবায়ন করতে পারবেন আগের মতো।
অল্প বয়সে আমেরিকায় আসা লোকজনের জন্য ডাকা কর্মসূচি আমেরিকার সাম্প্রতিক সময়ের ইমিগ্রেশনের অন্যতম ইস্যু। ২০১২ সালে এই কর্মসূচি চালু হয়। ১৬ বছর বয়সের আগে আমেরিকায় আসা কেউ স্কুলে ভর্তি হলে বা স্কুল থেকে গ্র্যাজুয়েশন করলে এবং কোনো অপরাধ না করলে এই কর্মসূচির আওতায় তাদের কাজের অনুমতি দেওয়া হয়।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, বিভাগটি লকডাউন থেকে বেরিয়ে গ্রিন কার্ড প্রদান, ভিসা আবেদন এডজাস্টসহ অন্যান্য কার্যক্রম শুরু করেছে। নাগরিকত্ব দেওয়ার জন্য ইন্টারভিউ, ইমিগ্রেশন সাক্ষাৎকার আবার শুরু করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এসব সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হচ্ছে।
যাঁরা আমেরিকার অভ্যন্তরে থাকা অবস্থায় গ্রিন কার্ড বা এডজাস্টম্যান্টের আবেদন করছেন, তাঁদের ব্যাপারে ইমিগ্রেশনের কাজকর্ম শুরু হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প গত এপ্রিল মাসে দেওয়া এক নির্বাহী আদেশে আমেরিকার বাইরে থেকে গ্রিন কার্ডের আবেদন স্থগিত করে রেখেছেন।