ইরমা-আতঙ্কে ফ্লোরিডার বাংলাদেশিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্লোরিডায় একটি পেট্রল পাম্পে জ্বালানি সংগ্রহের জন্য গাড়ির সারি। ছবি: সংগৃহীত
ফ্লোরিডায় একটি পেট্রল পাম্পে জ্বালানি সংগ্রহের জন্য গাড়ির সারি। ছবি: সংগৃহীত

ইরমা আতঙ্কে আছে ফ্লোরিডাবাসী। স্মরণকালের সবচেয়ে বড় হারিকেন ইরমা পুয়ের্তো রিকো, কিউবা হয়ে ফ্লোরিডার মায়ামি উপকূলের দিকে আসছে। ১৮৫ মাইল বেগে আজ শনিবার আঘাত করার কথা থাকলেও তা কমে ১৫০ মাইলে আসছে। ক্যাটাগরি ৫ থেকে নামিয়ে ৪-এ আনা হয়েছে। তবুও আতঙ্ক কমছে না। 

ফ্লোরিডা থেকে সবাইকে চলে যেতে বলা হয়েছে। তারপরও অনেকে বাড়িতে থেকে যাচ্ছেন। মায়ামি থেকে অরল্যান্ডো ৩ ঘণ্টা যাত্রা। তবে এখন যেতে সময় লাগছে ৯ ঘণ্টা। হাজার হাজার গাড়ির বহর ছুটছে মহাসড়ক ধরে। পুরো মহাসড়কে ভয়াবহ যানজট।
মায়ামিতে আতঙ্কে আছেন বাংলাদেশিরা। অসংখ্য ফ্লাইট বাতিল হয়ে গেছে। ৬০ হাজারের বেশি বাংলাদেশিসহ ফ্লোরিডা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়া অঙ্গরাজ্যের ৫০ লাখের বেশি আমেরিকান ভয়ংকর হারিকেন ইরমা-আতঙ্কে রয়েছে। বাংলাদেশি অধ্যুষিত সাউথ ফ্লোরিডার সব মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সারা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারির পর রাজ্য গভর্নর রিক স্কট বলেছেন, ‘আঘাত হানার আশঙ্কা রয়েছে, এমন নগরের কেউ যেন ঘরে না থাকে। স্থানীয় সময় শনিবার রাতে শুরু হতে পারে ইরমার তাণ্ডব।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফ্লোরিডা, ইউএস ভার্জিন আইল্যান্ড ও পুয়ের্তো রিকোয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জরুরি অবস্থা জারির পর সম্ভাব্য সব ধরনের সহযোগিতার নির্দেশ দিয়েছেন। দুই সপ্তাহ আগে হারিকেন হারভি আঘাত হানে টেক্সাসের বাংলাদেশি অধ্যুষিত হিউস্টন নগরসহ আশপাশের এলাকায়। ক্ষতবিক্ষত জনপদে চলছে পুনর্বাসন কার্যক্রম। এরই মধ্যে হারিকেন ইরমা ধেয়ে আসছে আটলান্টিক মহাসাগর থেকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে। ঘণ্টায় ১৮৫ মাইল বেগে ক্যাটাগরি-৫ হিসেবে প্রবাহিত হচ্ছে এই হারিকেন। জাতীয় হারিকেন সেন্টার সর্বসাধারণের উদ্দেশে আরও জানায়, ইরমার প্রভাবে উপকূলীয় অঞ্চলে ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। এমন ভয়ংকর দুর্যোগ দক্ষিণ ফ্লোরিডায় আঘাত হানবে শনিবার রাতে। জাতীয় আবহাওয়া সংস্থা আরও উল্লেখ করেছে, আটলান্টিক মহাসাগরে ‘হোযে’ ও ‘ক্যাটিয়া’ নামক আরও দুটি হারিকেনের উৎপত্তি ঘটেছে।
২০১০ সালের পর এবারই প্রথম একের পর এক হারিকেনের উৎপত্তি হচ্ছে আটলান্টিক মহাসাগরে। হারিকেনের আতঙ্কে সব মানুষ নিরাপদ আশ্রয়ে রওনা দিয়েছে। গ্যাস স্টেশনে গ্যাস নেই। গ্রোসারি স্টোর ফাঁকা। বড় বড় স্টোর থেকে কাঠ কিনে বাড়ি-ঘরের দরজা-জানালা শক্ত করে আটকে রেখে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন বাসিন্দারা। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে নিজ বাসায় অবস্থানের কথা ভাবছেন। যদিও মায়ামি পুলিশের উপপ্রধান লুইস ক্যাবরেরা সবার প্রতি নিরাপদ আশ্রয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন। অন্যথায় পুলিশ এসে সবাইকে জোর করে নিয়ে যাবে আশ্রয়কেন্দ্রে।
৮ সেপ্টেম্বর ভোর থেকেই ১ হাজার ৪০০ পুলিশ কর্মকর্তা মায়ামি সিটিতে নামবে সর্বসাধারণকে সর্বাত্মক সহায়তার জন্য।’ মায়ামিতে গ্যাসস্টেশন ব্যবসার সঙ্গে জড়িত বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, ‘হারিকেনের ভয়াবহতা সবাই আঁচ করতে পারলেও অনেকে জীবনের ঝুঁকি নিয়ে সারা জীবনের স্মৃতি আঁকড়ে থাকতে চাচ্ছেন।’
মায়ামি পুলিশের কমিশনার ফ্রাঙ্ক সুয়ারেজ বলেন, ‘নগরের যেসব এলাকাকে জনমানবশূন্য করার জন্য চিহ্নিত করা হয়েছে, সেসব এলাকায় কাউকেই থাকতে দেওয়া হবে না। সর্বসাধারণের নিরাপত্তা বিধানের স্বার্থেই এই নির্দেশ বাস্তবায়িত করা হবে।’
সেন্ট্রাল ফ্লোরিডায় ইরমা আঘাত হানবে রোববার মধ্যরাতের পর, তবে তা ক্যাটাগরি ২-এ নেমে আসছে ও ঘণ্টায় বাতাসের গতিবেগ ১০০ মাইল হওয়ার কথা। অনেকে আতঙ্কে বাসাবাড়ি ছেড়ে পরিবার-পরিজন নিয়ে হোটেলে চলে যাচ্ছেন। সেন্ট্রাল ফ্লোরিডায় প্রপেন গ্যাস, পানি, গ্রোসারি, ক্যান্ডেল, নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট দেখা দিয়েছে। জ্বালানি তেলের সংকট দেখা দিচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে প্রবাসীদের পানি, গ্যাস নিতে হচ্ছে। অনেক জায়গায় তা পাওয়া যাচ্ছে না।
ভবন নির্মাণসামগ্রীর দোকানে ভিড়, সবাই বাসা বাড়ি রক্ষার চেষ্টা করছেন। যে যার মতো চেষ্টা করছেন ইরমা থেকে বাঁচতে। ফ্লোরিডার গভর্নর সর্বোচ্চ প্রস্তুত রেখেছেন সেন্ট্রাল ফ্লোরিডাকে নিরাপত্তা দিতে। কয়েক হাজার স্বেচ্ছাসেবী কাজ করছেন। রেডক্রসসহ সব জরুরি প্রতিষ্ঠান প্রস্তুত। রোববার ও সোমবার সারা দিন সেন্ট্রাল ফ্লোরিডায় আবহাওয়া চরম আকার ধারণ করবে। সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। সেন্ট্রাল ফ্লোরিডা জামে মসজিদ আশ্রয়কেন্দ্র হিসেবে সব ধর্মের জন্য খুলে দেওয়া হয়েছে। শুক্রবার জুমার নামাজে সব মসজিদে বিশেষ দোয়া করা হয়েছে। বিভিন্ন রাজ্যে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা ফ্লোরিডায় তাঁদের আত্মীয়স্বজনদের খোঁজখবর নিচ্ছেন।