ইরাক পিছু ছাড়ছে না যুক্তরাষ্ট্রকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের উত্তরাঞ্চলীয় শহর আরবিলের কাছে গতকাল শুক্রবার সুন্নি জঙ্গিদের গোলন্দাজ অবস্থানের ওপর বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
ইরাকের উত্তরাঞ্চলীয় শহর আরবিলের কাছে গতকাল শুক্রবার সুন্নি জঙ্গিদের গোলন্দাজ অবস্থানের ওপর বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধবিমান। ছবি: রয়টার্স

শেষ হয়েও হলো না শেষ। ইরাক পিছু ছাড়ছে না যুক্তরাষ্ট্রকে। মরিয়া হয়ে সরে যাওয়ার পর আবার ইরাক যুদ্ধে জড়িয়েছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এই সিদ্ধান্তকে অনেক বিশ্লেষক বিপজ্জনক বলে অভিহিত করেছেন।
ইরাক প্রসঙ্গে ওবামা তাঁর পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে অহেতুক একটি যুদ্ধে জড়ানোর অভিযোগ এনেছিলেন। সেই ওবামাই আবার ইরাকে আরেকটি যুদ্ধে পা দিলেন।
তবে সীমিত আকারের এই ইরাক যুদ্ধে ওয়াশিংটনের উদ্দেশ্য ব্যর্থ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ, সেখানে সক্রিয় সুন্নি আরব জঙ্গিদের সংগঠন ইসলামিক স্টেট (আইএস) আর্থিক ও সামরিকভাবে বেশ শক্তিশালী। ইরাকের বাহিনীও তাদের হাতে চরমভাবে মার খেয়েছে। পেন্টাগনের হিসাবেই ইরাকের এক-তৃতীয়াংশ ভূখণ্ড সুন্নি জঙ্গিদের নিয়ন্ত্রণে।
জঙ্গিদের হাতে ইয়াজিদি সংখ্যালঘুদের ‘গণহত্যা’ এবং স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে কট্টরপন্থীদের প্রবেশ ঠেকাতে গত বৃহস্পতিবার রাতে বিমান হামলার অনুমোদন দেন ওবামা। গতকাল শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলীয় শহর আরবিলের কাছে জঙ্গিদের গোলন্দাজ অবস্থানের ওপর বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধবিমান।
যুক্তরাষ্ট্র বলছে, খ্রিষ্টধর্মাবলম্বীসহ সংখ্যালঘুদের নির্যাতন থেকে রক্ষা করা ও ইরাকের সরকারকে সহায়তা করা এ ‘মানবিক সহায়তা’ হামলা লক্ষ্য।
ইরাকের সিনজার পর্বতে অবরুদ্ধ ইয়াজিদি সংখ্যালঘুদের বিপদের কথা উল্লেখ করে ওবামা বলেন, ‘সম্ভাব্য গণহত্যা রোধে আমরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি। এ জন্য অবরুদ্ধ ওই নাগরিকদের রক্ষায় আমি ইরাকি বাহিনীকে সহায়তা করতে প্রয়োজনে লক্ষ্যবস্তু নির্ধারণ করে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছি।’
ইরাকের উত্তরাঞ্চলীয় ওই পর্বতে ইয়াজিদি সম্প্রদায়ের কয়েক হাজার মানুষকে অবরুদ্ধ করে রেখেছে আইএস। ওবামা বলেন, ইসলামি কট্টরপন্থীরা আরবিল নগরের দিকে অগ্রসর হলে তারা মার্কিন যুদ্ধবিমানের লক্ষ্যবস্তু হতে পারে। সেখানে মার্কিন কূটনীতিক ও ইরাকি বাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের উপদেষ্টারা অবস্থান করছেন। তিনি বলেন, ‘আরবিল শহরের কনস্যুলেট এবং বাগদাদে থাকা দূতাবাসসহ ইরাকের কোথাও যদি তারা আমাদের জন্য হুমকি হয়ে দেখা দেয়, তাহলে আমরা এর জবাব দেব।’
যদিও যুক্তরাষ্ট্র বলেছেন, যুদ্ধ হবে সীমিত। কিন্তু শেষ পর্যন্ত তা সীমিত নাও থাকতে পারে। ইরাকে নিয়োজিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস জেফারি ও অন্য বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, ইরাকে সামরিক তত্পরতা বাড়াতে বাধ্য হতে পারে যুক্তরাষ্ট্র। কারণ, জঙ্গিরা ইতিমধ্যেই দেশটির সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। তাদের থামাতে বড় ধরনের সামরিক অভিযান দরকার হতে পারে।
ইরাক যুদ্ধে সাড়ে চার হাজার মার্কিন সেনা নিহত হয়েছে। এই যুদ্ধ নিয়ে মার্কিনিদের নাভিশ্বাস উঠেছে। ইরাক ছাড়ার পর আবার সেখানে যুক্তরাষ্ট্রের যাওয়াকে বিপজ্জনক বলে মনে করেন ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের ফিলিস বেনিস।
তবে এই ঘরানার বিপরীত মতও আছে।
আইএসের নেতা আবু বকর ইরাকে ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযান শুরুর পরপরই জঙ্গি তত্পরতায় জড়িত হন বলে ধারণা করা হয়। তিনি ২০১০ সালে আল-কায়েদার ইরাক শাখার নেতৃত্বে আসেন।
আবু বকর যখন আইএসআইএলের দায়িত্ব নেন, তখন সেটি আল-কায়েদার একটি শাখা হিসেবে পরিচিত ছিল। পরে তিনি একে পুনর্গঠন করে আল-কায়েদার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন। সুন্নি আরব মিলিশিয়াদের সম্মুখ বাহিনী হিসেবে পরিচিত আইএস গত ১০ জুন ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করে নেয়। এরপর ২৯ জুন ইরাকে ‘খিলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দেয় তারা। সে সময় তাদের নেতার পরিচিতি প্রকাশ করা হয় ‘খলিফা ইব্রাহিম’ হিসেবে।
আইএসের যোদ্ধাদের প্রকৃতসংখ্যা অজানা হলেও সংগঠনটির পক্ষে হাজার হাজার জিহাদি ইরাকে লড়াই করছে বলে ধারণা করা হয়। তাদের মধ্যে বিদেশি মুসলিমের সংখ্যাও উল্লেখযোগ্য।
ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেনকে উত্খাতে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী ইরাকে ২০০৩ সালের ২০ মার্চ হামলা চালায়। ওই যুদ্ধে ইরাকের অন্তত ৫৫ হাজার বেসামরিক মানুষ নিহত হয়। উত্খাত হন সাদ্দাম হোসেন। ২০১১ সালের ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ইরাক যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে ওবামা প্রশাসন। এরপর তিন দিনের মাথায় ১৮ ডিসেম্বর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন করা হয়। সেই থেকে বিভিন্ন সময়ে জাতিগত লড়াইয়ে ইরাক রক্তাক্ত হলেও যুক্তরাষ্ট্র কখনো হস্তক্ষেপ করেনি।—নিউইয়র্ক টাইমস ও ইউএস টুডে অবলম্বনে