ইরাক যুদ্ধের যৌক্তিকতার ওপর নতুন আঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে মার্কিন অভিযান শুরু করার যৌক্তিকতা নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) বেশ সন্দিহান ছিল। গত বৃহস্পতিবার প্রকাশিত সংস্থাটির এক চিঠিতে এ রকম ইঙ্গিত পাওয়া গেছে। খবর এএফপির।
ইরাকি এক গুপ্তচরের সঙ্গে আল-কায়েদার একজন সদস্যের কথিত বৈঠকের ঘটনা প্রচার করে মার্কিন কর্মকর্তারা সামরিক অভিযানের পক্ষে জনমত সৃষ্টির চেষ্টা করেছিলেন। সদ্য প্রকাশিত সিআইএর চিঠিতে এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।
২০০৩ সালের মার্চে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশে সাদ্দাম হোসেনকে উৎখাতে ইরাকে হামলা করেছিল মার্কিন বাহিনী। তখনকার মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি এর আগে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসী হামলায় ব্যবহৃত উড়োজাহাজ ছিনতাইকারী মোহাম্মদ আতা ওই হামলার আগে একজন ইরাকি গুপ্তচরের সঙ্গে চেক প্রজাতন্ত্রে দেখা করেছিলেন। চেনির দাবি ছিল এতে ওই সন্ত্রাসী হামলার ঘটনায় ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যায়।
কিন্তু মার্কিন সিনেটর কার্ল লেভিনের কাছে এ বছরের মার্চে পাঠানো এক চিঠিতে সিআইএর পরিচালক জন ব্রেনান জানিয়েছিলেন, সিআইএর কর্মীরা আতার গোপন বৈঠকের ব্যাপারে পাঠানো প্রতিবেদনটি নিয়ে ‘তাৎপর্যপূর্ণ উদ্বেগ প্রকাশ করেছিলেন’। আতা চেক প্রজাতন্ত্রের প্রাগে গিয়েছিলেন, এমন প্রমাণ গোয়েন্দা কর্মীরা খুঁজে পাননি।
ব্রেনানের ওই গোপন চিঠি বৃহস্পতিবার প্রকাশ করা হয়। লেভিন সেদিন সিনেটে বলেছেন, ইরাকে হামলা চালানোর ব্যাপারে বুশ প্রশাসন কীভাবে দেশকে ভুল পথে চালিত করেছিল, তা দেখানোর জন্য তিনিই সিআইএকে ওই পুরোনো চিঠি প্রকাশ করতে বলেন। মার্কিন জনগণের কাছে ওই সময়ের পরিস্থিতি পূর্ণাঙ্গভাবে তুলে ধরার আহ্বানও জানান তিনি।