ইরাকে নিহত সৈনিকের সম্মানে ব্রঙ্কস স্কয়ারের নামকরণ

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি চত্বরের নাম ইরাকে নিহত এক মার্কিন সৈনিকের নামে করা হয়েছে। ২৬ আগস্ট ইরাক যুদ্ধে নিহত করপোরাল রামোনা ভালদেজের নামে আনুষ্ঠানিকভাবে ব্রঙ্কসের একটি চত্বরের নামকরণ করা হয় বলে জানিয়েছে নিউইয়র্ক ডেইলি। রামোনা ভালদেজ ২০০৫ সালে ইরাকে নিহত হন।
ব্রঙ্কসের ইস্ট ফোর্ডহ্যাম রোড ও গ্র্যান্ড কনকোর্সের একটি ছোট চত্বরের নামকরণ করা হয়েছে রামোনা ভালদেজের নামে। ২০০৫ সালে নিজের ২১তম জন্মদিনের কিছু আগে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছিলেন ভালদেজ। ২৬ আগস্ট এ সাহসী নারীর স্মরণে তাঁর সহযোদ্ধারা হাজির হয়েছিলেন ব্রঙ্কসে। বহু মেরিন সেনা ও স্থানীয় অধিবাসীরা এদিন ব্রঙ্কসের এ চত্বরে হাজির হন। আর বহুদূর থেকে এসেছিলেন ভালদেজের পরিবারের সদস্যরা।
স্থানীয় কর্মকর্তারা বলেন, রামোনা ভালদেজই সম্ভবত প্রথম কোনো মার্কিন নারী সেনা, যাঁর নামে দেশটির কোনো একটি সড়ক বা চত্বরের নামকরণ করা হলো। নামকরণের এ অনাড়ম্বর অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রঙ্কসের পরিষদ সদস্য ফার্নান্দো কাবেরা। তিনি ভালদেজের জীবন ও তাঁর বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।
ফার্নান্দো কাবেরা বলেন, তিনি বেড়ে উঠেছিলেন অর্থকষ্টের মধ্যে। মাত্র ১৪ বছর বয়সে তিনি পরিবারকে আর্থিক সহায়তা করতে কাজে নামেন। ১৭ বছর বয়সে যোগ দেন মেরিনে। পরে ইরাকে পাঠানো হয় তাঁকে। দেশ ও দশের কাজে তিনি সব সময় নিবেদিত ছিলেন। তিনি আরও বলেন, ইরাকে নারী ও শিশুদের মধ্যে কাজ করার জন্য তাঁকে সেখানে পাঠানো হয়েছিল। একটি তল্লাশিচৌকিতে ইরাকি নারী ও শিশুদের তল্লাশি করার সময় আত্মঘাতী হামলায় তিনি নিহত হন।
রামোনা ভালদেজের ছোট বোন ফিওরেলা ভালদেজ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। নিজের বোন সম্পর্কে বলতে গিয়ে বারবার বাক্রুদ্ধ হয়ে পড়ছিল তাঁর কণ্ঠ। তিনি বলেন, ‘সে যদি আজ এখানে থাকত। আমি এখনো প্রত্যাশা করি, সে আসবে, দেখবে আমার সন্তানরা কত বড় হলো। আমি চাই সে আমাকে নিয়ে আবারও আগের মতো উচ্ছ্বসিত হোক...।’
নতুন নামকৃত রামোনা ভালদেজ চত্বরে একটি মেরিন নিয়োগ কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে ভালদেজের দ্বারা অনুপ্রাণিত হয়ে আগ্রহী কেউ মেরিনে যোগ দিতে নিজের নাম নিবন্ধন করতে পারেন।