ইরান ইস্যুতে অভিন্ন স্বার্থের প্রতি গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে শান্তি-প্রক্রিয়ার ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘অভিন্ন স্বার্থের’ প্রতি গুরুত্ব দেওয়ার ব্যাপারে একমত হয়েছে। গত সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈঠক করে এই ঐকমত্যের কথা জানান। খবর এএফপির।
ওবামা বলেন, ইসরায়েলের নিরাপত্তা হোয়াইট হাউসের পররাষ্ট্র নীতির অগ্রাধিকারভিত্তিক ইস্যুগুলোর ‘শীর্ষে’ রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের সমঝোতা চুক্তির বিষয়ে ওবামা ও নেতানিয়াহুর মতের অমিলের কথা স্বীকার করেছেন ওবামা। তিনি বলেন, অমিলের কথা স্বীকার করতে ‘কোনো লুকোচুরি’ নেই।
নেতানিয়াহু বলেন, তাঁরা মধ্যপ্রাচ্যে শান্তি-প্রতিষ্ঠার আশা ছাড়েননি। শান্তি প্রতিষ্ঠার জন্য ‘দুই রাষ্ট্র প্রতিষ্ঠার’ প্রয়োজনীয়তার কথা আবার উল্লেখ করেন তিনি।
গাজার সুড়ঙ্গ পথ ধ্বংস: আল-জাজিরা অনলাইনের খবরে বলা হয়, মিসরের সেনাবাহিনী দেশটির সিনাই উপত্যকার সঙ্গে ফিলিস্তিনের গাজার সংযোগ স্থাপনকারী ৩১টি সুড়ঙ্গ পথ ধ্বংস করে দিয়েছে।
গত রোববার মিসরের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামির জানান, অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সঙ্গে মিসরের সংযোগ স্থাপনকারী মোট ৩১টি সুড়ঙ্গ পথ চিহ্নিত করে সেগুলো গত অক্টোবরেই ধ্বংস করে দেয় সেনাবাহিনী। রাজধানী কায়রোতে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের দিনই মিসরের সেনাবাহিনী এ কথা জানাল।
এদিকে, গতকাল মঙ্গলবার ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলে রাতভর অভিযান চালিয়ে হামাসের সন্দেহভাজন ২৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।