ইরান ঘিরে উত্তেজনার ফল কি

সৌদি আরবে ইরানের হামলাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে মনে করছে আমেরিকা। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ উল্লেখযোগ্যসংখ্যক রিপাবলিকান নেতা সাম্প্রতিক এ হামলার দাঁতভাঙা জবাব দেওয়ার পক্ষে। তবে এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উক্তি খানিকটা নমনীয়। এ ক্ষেত্রে তিনি অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের পক্ষপাতী।
সৌদি আরবের তেল স্থাপনায় হামলার জন্য ইরানকেই দায়ী করছে সৌদি ও আমেরিকা সরকার। তবে রিয়াদ কর্তৃপক্ষ মার্কিন সরকারকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে তাদের অনাগ্রহের কথাও পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন।
বর্তমানে সৌদি আরব সফরে থাকা মাইক পম্পেও বলেছেন, ‘এ হামলায় কোনো আমেরিকান নিহত হননি—এটাই একটা সৌভাগ্য। কিন্তু এমন মাত্রার হামলায় হতাহতের আশঙ্কা সর্বদা থেকেই যায়। এই মাপের হামলা এর আগে আমরা দেখিনি।’
পম্পেও সৌদি কর্তৃপক্ষের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলতে সৌদিতে অবস্থান করছিলেন। উচ্চপদস্থ এক কূটনীতিক বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে তেহরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মধ্যপ্রাচ্যের সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গে কাজ করতে মধ্যপ্রাচ্য সফর করছিলেন পম্পেও।
হামলার বিষয়ে পম্পেও বলেন, ‘আমি নিশ্চিত নিউইয়র্কে (জাতিসংঘ অধিবেশন) আমরা এ বিষয়ে কথা বলব। সৌদিও বলবে। এটা তাদের মাটিতে হামলা। তাই ইরানকে প্রতিরোধের দাবি তাদেরও জানানো উচিত জাতিসংঘে।’
হামলায় ইরান জড়িত সৌদি আরবের এমন প্রমাণ হাজিরের পরপরই পম্পেও এমন মন্তব্য করেন। এর আগে সৌদি আরবের সেনা কর্তৃপক্ষ কিছু অস্ত্রশস্ত্রের অংশবিশেষ উপস্থিত করেন, যা পরীক্ষা করে এই হামলায় ইরানের হাত থাকার প্রমাণ পাওয়া যায় বলে দাবি করেন তাঁরা। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তো সামরিক প্রতিহামলার পক্ষে। অনেক রিপাবলিকান নেতাও মনে করেন, এমন একটা দাঁতভাঙা জবাবই পাওনা তেহরানের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবসহ আমেরিকার অন্য মিত্র দেশগুলো অবশ্য এ ক্ষেত্রে অন্য সুরে কথা বলছে। তারা এ মুহূর্তে ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। বরং নিষেধাজ্ঞার আওতা বাড়িয়ে ইরানকে আরও চাপে ফেলার পরিকল্পনাই করছে তারা।
আগেরবার ট্রাম্প ইরাক, আফগান যুদ্ধের সমালোচনা করেছেন। তাঁর ভাষায়, বিদেশে অহেতুক ও ব্যয়বহুল যুদ্ধের জঞ্জাল থেকে আমেরিকার বেরিয়ে আসার পক্ষে তিনি। নতুন এই ঘটনাটি আসন্ন ২০২০ প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য সংকটপূর্ণ হতে পারে।
বিশ্লেষকেরা মনে করেন, প্রেসিডেন্টের তড়িৎ নিষেধাজ্ঞার ঘোষণা ইরানের সঙ্গে সামরিক দ্বন্দ্বে না জড়ানোর ইচ্ছারই ইঙ্গিত। ১৮ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে সাংবাদিকদের সঙ্গে ট্রাম্প বলেন, ‘যুদ্ধ শুরু সহজেই করা যায়। এটা যদি করতেই হয়, তাহলে তো আমরা করতে পারবই। আমরা এবারে ইরানের ওপর আরও ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করব।’ ইরানের ওপর সামরিক হামলা চালানো হবে কিনা জানতে চাইলে তিনি সরাসরি বলেন, ‘আমরা দেখব কী হয়। যুদ্ধ আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তবে তার আগে অন্যান্য বিকল্পও যাচাই করা প্রয়োজন।’
হামলাটি যে ইরান চালিয়েছে, তার কোনো নির্দিষ্ট প্রমাণ কিন্তু আমেরিকার হাতে নেই এখনো। এ হামলা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা করেছে বলে দাবি করলেও, মার্কিন কর্মকর্তারা একে উড়িয়ে দেন। যুক্তি হচ্ছে, হুতিদের অস্ত্রাগার এমন অস্ত্রের সঙ্গে পরিচিত নয়। কিন্তু গত জানুয়ারি মাসে প্রকাশ হওয়া জাতিসংঘের এক প্রতিবেদন অন্য ইঙ্গিত দেয়। ইয়েমেনবিষয়ক বিশেষজ্ঞদের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, হুতিদের কাছে আসলে সৌদিতে আঘাত হানতে সক্ষম আধুনিক ড্রোন রয়েছে।