ইরান-যুদ্ধে জনমত তৈরিতে অর্থ ব্যবহার করছে প্রশাসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইটার অ্যাকাউন্ট থেকে হিউম্যান রাইটস অর্গানাইজেশনের বিরুদ্ধে অনলাইনে নানাভাবে আক্রমণাত্মক বক্তব্য রাখা হচ্ছে। সম্প্রতি এর একাধিক প্রমাণ সামনে এসেছে। অ্যাকাউন্ট থেকে মানবাধিকার সংস্থা, ইরানি-আমেরিকান অ্যাকটিভিস্ট ও সাংবাদিকদের বিরুদ্ধে নানা উসকানিমূলক বক্তব্য রাখা হচ্ছে, যা আমেরিকা ও ইরানের মধ্যে বিদ্যমান উত্তেজনা বৃদ্ধিতে কাজ করছে। এ অবস্থায় ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর জন্য জনমত তৈরিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ফেডারেল তহবিল ব্যবহৃত হচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মিনা) অঞ্চলের নির্বাহী পরিচালক সারাহ লেয়ার হোয়াইটসন গত ৩০ মে ‘ইরান ডিসইনফরমেশন’ প্রকল্পের মাধ্যমে গত মাসে একটি টুইট করেন। এতে তিনি লেখেন, ‘এটি আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফান্ডেড অ্যাকাউন্ট।’
একই সময়ে সাংবাদিক নেগার মোরতাতাভি টুইট করেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় এইচআরডাব্লিউকে অনলাইনে আক্রমণের জন্য করদাতাদের অর্থ ব্যবহার করছে। কারণ, সংগঠনটি ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট মানবিক বিপর্যয় নিয়ে গবেষণা করছে। এটা কি আইনসম্মত?’
‘ইরান ডিসইনফরমেশন প্রকল্প’ নিজেদের অর্থায়নের একটি প্রকল্প বলে স্বীকার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তারা দাবি করছে, ইরান ডিসইনফরমেশন প্রকল্প বিশ্বের কর্তৃত্বপরায়ণ শাসকদের ন্যক্কারজনক প্রভাবকে সবার সামনে তুলে ধরতে ও ওই শাসকদের আক্রমণে কাজ করে। পারস্য, আরবি ও ইংরেজি ভাষায় এখানে লেখা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘ইরানে আমাদের সম্পর্কে যেসব মিথ্যা বলা হয়েছে, তার মধ্যে দিয়ে সরকার বেঁচে আছে। শাসকদের বাহ্যিক সন্ত্রাস, সামাজিক যুদ্ধ ও আর্থিক ক্ষমতা এ ক্ষেত্রে মনোযোগ পায়। একই সঙ্গে তাদের অভ্যন্তরীণ দমননীতি, দুর্নীতি ও অযোগ্যতাও তুলে ধরা হয়।’
ইরান ডিসইনফরমেশন প্রকল্পটি চালু হয় ২০১৮ সালে, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল এনগেজমেন্ট সেন্টারের অর্থায়নে পরিচালিত হয়। এ প্রকল্প থেকে এমনকি অ্যাকটিভিস্ট, গবেষকদের মতো ব্যক্তিদেরও আক্রমণ করা হচ্ছে। গত এপ্রিল মাসে এই আক্রমণের শিকার হন গবেষক তারা সেপেরি। তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, করদাতাদের অর্থে এই আক্রমণ চালানো হচ্ছে।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে, ট্রাম্প প্রশাসন কি ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন আনতে তহবিল ব্যবহার করছে? তারা কি তেহরানের শাসনব্যবস্থায় পরিবর্তন আনতে বদ্ধপরিকর? তাদের আদর্শিক প্রতিপক্ষকে অনলাইনে আক্রমণের জন্য ওই তহবিল ব্যবহার করছে? ট্রাম্প প্রশাসনের কেউ কি ওই সংগঠনকে এ ধরনের হামলার জন্য নির্দেশ দিয়েছেন?