ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ফাইল ছবি: এএফপি

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তাঁর এই সফরের আগেই গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে আশ্বস্ত করে বললেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরির অনুমতি দেবে না যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা এএফপি জানায়, গত সোমবার বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট রুভেন রিভলিন। এ সময় বাইডেন তাঁকে কথা দেন। বলেন, তাঁর ক্ষমতার মেয়াদে ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবেন না।

বাইডেনের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের রিভলিন বলেন, ইরান নিয়ে বাইডেনের প্রতিশ্রুতিতে তিনি অত্যন্ত সন্তুষ্ট। রিভলিন আরও বলেন, ‘ইসরায়েল ও ওয়াশিংটনকে অবশ্যই সহযোগিতার ভিত্তিতে চলতে হবে।’

গত কয়েক বছরে আমরা কিছু ভুল করেছি। আমরা একত্রে সেসব ভুল শোধরাব
ইয়ার লাপিদ, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

বাইডেন তাঁর বিবৃতিতে কংগ্রেসে তাঁর সমালোচকদের মন্তব্য উড়িয়ে দেন। বাইডেন ক্ষমতায় আসার পর গত ফেব্রুয়ারিতে ইরান-সমর্থিত মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল। সেই হামলায় অন্তত ২০ জন নিহত হন।

কংগ্রেসের অনুমতি না নিয়ে এমন হামলার নির্দেশ প্রদানের জন্য বাইডেনের ওপর ডেমোক্র্যাট আইনপ্রণেতারাই ক্ষুব্ধ হয়েছেন। তবে বাইডেন বলেছেন, ‘আমার নির্দেশ দেওয়ার এই কর্তৃত্ব রয়েছে।’

গত জানুয়ারিতে ট্রাম্পকে হটিয়ে বাইডেন ক্ষমতায় আসার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। তবে ট্রাম্প ঘনিষ্ঠ নেতানিয়াহু ক্ষমতা হারানোর পর নাফতালির নতুন সরকার গঠিত হলে আবার সম্পর্কের দরজা খুলে গেছে। নাফতালি শিগগিরই যুক্তরাষ্ট্র সফর করবেন।

হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেছেন, ‘বাইডেন-রিভলিনের বৈঠক সুরক্ষা এবং স্থিতিশীলতার জন্য আমাদের সম্পর্কের শক্তিকে প্রতিফলিত করে।’

গত রোববার ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে রোমের এক বৈঠকে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু আলোচনা নিয়ে উদ্বেগে রয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রকে আরও বেশি সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের রিপাবলিকান দলের ঘনিষ্ঠতার বিষয়টি উল্লেখ করে লাপিদ বলেন, ‘গত কয়েক বছরে আমরা কিছু ভুল করেছি। আমরা একত্রে সেসব ভুল শোধরাব।’