ইরানের ওপর নতুন অবরোধ যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের ওপর দীর্ঘ এক দশকের চাপানো অবরোধ ও নিষেধাজ্ঞা জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র তুলে নেওয়ার পরদিনই নাটকীয়ভাবে দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘিরে দেশটির ওপর এ নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বছরের পর বছর দুর্দশায় পড়ে থাকা ইরানবাসী স্বস্তির নিশ্বাস না নিতেই যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে হতাশা প্রকাশ করেছেন ইরানি নেতারা। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ‘যেকোনো ক্রিয়ারই পাল্টা প্রতিক্রিয়া রয়েছে।’ খবর বিবিসি, এএফপি ও রয়টার্সের।
নিজস্ব ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের কোনো আইনগত বা নৈতিক বৈধতা নেই বলে উল্লেখ করেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। গত বছরের অক্টোবরে ইরান জাতিসংঘের এক নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে সূক্ষ্ম যন্ত্রপাতিনিয়ন্ত্রিত এক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক যুদ্ধাস্ত্র বহনে সক্ষম দাবি যুক্তরাষ্ট্রের।
নতুন অবরোধের আওতায় ওই ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ইরানের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান মার্কিন ব্যাংকিং ব্যবস্থায় যুক্ত হতে পারবে না।
সন্ত্রাসবাদ ও অর্থনৈতিক কর্মকাণ্ড-বিষয়ক মার্কিন ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অ্যাডাম জে জুবিন ওই পদক্ষেপের ঘোষণা দিয়ে বলেন, ‘ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এ কর্মসূচি আন্তর্জাতিক অবরোধের আওতায় পড়বে।’
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন জাবের আনসারি গতকাল বলেন, ‘ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই পারমাণবিক অস্ত্র বহনের উপযোগী করে গড়ে তোলা হয়নি। এ কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধের কোনো আইনি বা নৈতিক বৈধতা নেই।’ তিনি আরও বলেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্র প্রতিবছর শত শত কোটি ডলারের অস্ত্রশস্ত্র বিক্রি করে। এ অস্ত্রশস্ত্র ফিলিস্তিন, লেবানন ও অতি সম্প্রতি ইয়েমেনের সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটিত করার কাজে ব্যবহৃত হচ্ছে।
নতুন অবরোধের ব্যাপারে ইরানের প্রতিরক্ষামন্ত্রী হোসেন দেহঘান বার্তা সংস্থা ফার্সকে বলেন, এ নতুন অবরোধের কোনো প্রভাব পড়বে না।’
২০১৫ সালে জাতিসংঘ, ইইউ ও ছয় বিশ্বশক্তির (নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন এবং এগুলোর বাইরে জার্মানি) সঙ্গে ইরানের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি হয়। তাতে তেহরানের প্রতি পারমাণবিক যুদ্ধাস্ত্র বহনে সক্ষম—এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।