মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে ইরানের পরমাণু বোমা অর্জনের পথ ‘সুগম করার’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার বহুল আলোচিত এ ভাষণে তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলের আলোচনাধীন চুক্তিটি বোমার পথ বন্ধের বদলে তা বরং সুগম করতে পারে। খবর বিবিসি ও রয়টার্সের।
মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে বেনিয়ামিন নেতানিয়াহু ৪৮ ঘণ্টার সফরে যুক্তরাষ্ট্রে যান। তাঁর এ ভাষণের মূল বিষয়বস্তু ছিল ইরান এবং এর পরমাণু কর্মসূচি। হোয়াইট হাউসকে কার্যত উপেক্ষা করে প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান নেতা জন বেহনার নেতানিয়াহুকে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় তিক্ততা সৃষ্টি হওয়ার পাশাপাশি ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্ক বেশ কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে।
আসন থেকে ভাষণ দিতে ওঠার সময় সমর্থক কংগ্রেস সদস্যরা নেতানিয়াহুকে উল্লাসধ্বনি দিয়ে স্বাগত জানান। এ সময় তিনি অনেকের সঙ্গে করমর্দন করেন। কংগ্রেসে দেওয়া ভাষণে নেতানিয়াহু ইরানকে ‘সারা বিশ্বের জন্যই হুমকি’ হিসেবে চিত্রিত করেন। মাঝেমধ্যেই কংগ্রেস সদস্যরা উঠে দাঁড়িয়ে তাঁর বক্তব্যকে জোরালো সমর্থন জানান।
পিফাইভ প্লাস নামে পরিচিত পরাশক্তিদের আন্তর্জাতিক জোট ইরানের সঙ্গে মার্চ মাসের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর সময়সীমা স্থির করেছে। কিন্তু ইসরায়েল এ নিয়ে আলোচনাকে নিছক কালক্ষেপণ মনে করে। কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলে সাধারণ নির্বাচন। এতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। ইরান বিষয়ে নেতানিয়াহুর কঠোর মনোভাব প্রকাশ করার দৃশ্যত এটাও অন্যতম কারণ।
নেতানিয়াহু জোর দিয়েই বলেন, তিনি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন না। ওবামা প্রশাসন ইতিমধ্যেই হোয়াইট হাউসের সঙ্গে কথাবার্তা না বলে কংগ্রেসে ভাষণ দেওয়ার জন্য নেতানিয়াহুর সমালোচনা করেছে। তাদের অভিযোগ, ইসরায়েলি প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রে বিরোধিতা উসকে দেওয়ার চেষ্টা করছেন।
নেতানিয়াহু বলেন, ‘আমরা জানি, খারাপ চুক্তির চেয়ে কোনো চুক্তি না হওয়া অধিকতর ভালো। আর এটি খারাপ, খুবই খারাপ একটি চুক্তি।’ তিনি দাবি করেন, পাঁচ বছরের মধ্যে ইরান ১০০টি পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম।
অন্যদিকে আগে থেকেই নেতানিয়াহুর আক্রমণকে ঠেকানোর জন্য তৎপর হয়ে উঠেছিলেন প্রেসিডেন্ট ওবামা। গতকালই এ ভাষণের আগে ওবামা সম্ভাব্য চুক্তির কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করে জানান, এর মাধ্যমে ১০ বছর বা তার বেশি সময় ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণ ঠেকিয়ে রাখা যাবে। নেতানিয়াহুর ভাষণের আগের দিন স্বয়ং ওবামা এবং পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ তাঁর সরকারের শীর্ষ কর্মকর্তারা চলমান সমঝোতার পক্ষে ব্যাপক প্রচারণায় নেমে পড়েন। পাশাপাশি তাঁরা ইসরায়েলের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের বরাবরের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে চাইলে ইরানকে অন্তত ১০ বছরের জন্য সংবেদনশীল পারমাণবিক কর্মকাণ্ড স্থগিত রাখতে রাজি হতে হবে। তবে ওবামার এই আহ্বান প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইরান গতকাল ওই দাবিকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছে।