ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার ওয়াশিংটন জানিয়েছে, ইরানের আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী সংগঠনগুলোকে তেহরানের সমর্থন রোধ করতে এই নিষেধাজ্ঞা।
ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে দুই বছর আগে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তির যে ঐতিহাসিক চুক্তি হয়েছিল, তেহরান তা মেনে চলছে—এ কথা বলার এক দিন পরই ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।
গতকাল যে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো, তার লক্ষ্য ইরানের ১৮ ব্যক্তি বা প্রতিষ্ঠান, যারা তেহরানের আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা দেশটির রিপাবলিকান গার্ডকে সহযোগিতা দিয়ে থাকে।
গত সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় ইরানের সঙ্গে ওবামা প্রশাসনের করা আলোচিত পরমাণু চুক্তি থেকে সরে আসার প্রতিশ্রুতি দিলেও তা থেকে এখনই সরে আসছেন না।