এক জীবনে একটাই সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির চুক্তিকে ‘এক জীবনে একটাই সুযোগ’ হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে চুক্তিটির ওপর ভোটাভুটির দাবি তুলেছেন তাঁর বিরোধী রিপাবলিকানরা। আর এটিকে ‘খারাপ চুক্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর এএফপি, রয়টার্স ও এপির।
মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস-এর কলাম লেখক থমাস ফ্রেইডম্যানকে গত রোববার সাক্ষাৎকার দেন ওবামা। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ওবামা মূলত ইরান সংলাপকে যুক্তরাষ্ট্রের বৃহত্তর পররাষ্ট্রনীতির অংশ হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। তিনি বলেন, ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখা এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে টেকসই স্থিতিশীলতার জন্য চুক্তিটি ছিল ‘এক জীবনে একটাই সুযোগ’।
ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির চুক্তিটি হয়েছে গত বৃহস্পতিবার। তবে প্রাথমিক এ চুক্তিটিকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র সৌদি আরবসহ উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলো। তারা ইরানকে প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে থাকে। তেহরান পারমাণবিক বোমা তৈরি করলে সৌদি আরবও ওই পথে হাঁটবে বলে বারবার ইঙ্গিত দিয়েছে।
ইরানের সঙ্গে সমঝোতার ঘোর বিরোধী আরেক দেশ ইসরায়েল। ওই চুক্তি নিয়ে ইসরায়েলের সঙ্গে মতবিরোধ শুরু হলেও সাক্ষাৎকারে ওবামা ইঙ্গিত দেন, আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলিদের পাশেই থাকবে। তাঁর প্রশাসন ইসরায়েলের স্বার্থ দেখছে না, এমন অভিযোগ শোনা তাঁর জন্য ‘ব্যক্তিগত মুশকিল’ বলেও মন্তব্য করেন তিনি।
কিউবা ও মিয়ানমারের ব্যাপারে যুক্তরাষ্ট্রের পরিবর্তিত নীতি যে কাজে এসেছে, তার প্রতি ইঙ্গিত করে করে ওবামা বলেন, ‘আমরা নিজেদের ঝুঁকিতে ফেলা ছাড়াই এ ধরনের অবস্থাগুলো পরীক্ষা করে দেখার মতো যথেষ্ট শক্তিশালী।’
তবে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির সমঝোতাকে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা ইরানের পারমাণবিক কর্মসূচির রাশ টেনে ধরতে পারেনি।...একটি সেন্ট্রিফিউজও ধ্বংস হয়নি। একটি পারমাণবিক স্থাপনাও বন্ধ হয়নি।...হাজার হাজার সেন্ট্রিফিউজ ইউরেনিয়াম সমৃদ্ধ করতেই থাকবে। আসলে এটা একটা খারাপ চুক্তি।’
আর মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের রিপাবলিকান সদস্যরা গত রোববার চুক্তিটির ওপর ভোটাভুটির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। তবে গত সপ্তাহে সম্পাদিত প্রাথমিক চুক্তিটি চূড়ান্ত চুক্তিতে পরিণত না হওয়া পর্যন্ত অপেক্ষা করারও ইঙ্গিত দিয়েছেন তাঁরা।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সিনেটর বব কর্কার বলেন, ‘খেয়াল করুন, প্রেসিডেন্টকে এটি (চুক্তি) আমেরিকার জনগণের কাছে বেঁচতে হবে। কংগ্রেসকে সেখানে সম্পৃক্ত হতেই হবে।’