ইরানের সঙ্গে নতুন চুক্তির চেষ্টা করবে যুক্তরাষ্ট্র-ফ্রান্স

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, ইরানের সঙ্গে নতুন একটি পরমাণু চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন তিনি। তিন বছর আগে ইরানের সঙ্গে ছয় জাতির পরমাণু চুক্তিটি আরও জোরদার করতেই হতে পারে নতুন চুক্তি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেমনটিই চান।
হোয়াইট হাউসে গতকাল মঙ্গলবার দীর্ঘ বৈঠক করেন ট্রাম্প ও মাখোঁ। এরপর যৌথ সংবাদ সম্মেলনে ওই কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি পারি, আমাদের দুজনের মধ্যে এ বিষয়ে বেশ খোলামেলা আলোচনা হয়েছে। কাজেই ইরানের সঙ্গে নতুন একটি চুক্তি করতে এখন থেকে আমরা চেষ্টা করব।’
ইরান হুমকি দিয়ে আসছে, ছয় জাতির সঙ্গে তাদের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র যদি বেরিয়ে যায়, তাহলে তারাও পরমাণু কর্মসূচি আবার শুরু করবে।
এ বিষয়ে তেহরানকে সতর্ক করে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তারা যদি পরমাণু কর্মসূচি আবার শুরু করে তাহলে তাদের ভয়ানক সমস্যার মধ্যে পড়তে হবে, যা আগে কখনো তাদের মোকাবিলা করতে হয়নি।
তিন দিনের সফরে গত সোমবার হোয়াইট হাউসে পৌঁছানোর পর প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও ফার্স্ট লেডি ব্রিজিট মাখোঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে নৈশভোজ সারেন তাঁরা।
ইতিমধ্যে ট্রাম্প ইউরোপীয় স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন। ট্রাম্প ওই ঘোষণা থেকে না সরলে ওই অবরোধ পয়লা মে থেকে কার্যকর হবে। ট্রাম্পের এ পদক্ষেপে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলোর বড় ধরনের মতবিভেদ তৈরি হয় ইরানের পরমাণু চুক্তি নিয়ে।
তেহরানের পরমাণু কর্মসূচি সীমিত করতে ২০১৫ সালে ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ বিশ্বের ছয় ক্ষমতাধর রাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে করা এই চুক্তিকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প।