ইলন মাস্কের বিরুদ্ধে টুইটারের শেয়ারধারীদের মামলা
টুইটারের শেয়ার কেনার তথ্য গোপন করে বাজারে এর মূল্যবৃদ্ধি আটকে দিয়েছেন। এর মধ্য দিয়ে ১৫ কোটি ৬০ লাখ ডলার বাঁচিয়েছেন তিনি। এমন অভিযোগে ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছেন টুইটারের একদল বিনিয়োগকারী।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ফেডারেল আদালতে মামলাটি করা হয়। বিনিয়োগকারীদের পক্ষে মামলাটি করেছেন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা উইলিয়াম হেরেসনিয়াক। তাঁর নিজেরও টুইটারে শেয়ার রয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৪ মার্চ পর্যন্ত টুইটারের ৫ শতাংশের বেশি শেয়ার কিনেছিলেন ইলন মাস্ক। এ তথ্য তিনি প্রকাশ করেন এপ্রিলের প্রথম দিকে। ততক্ষণে টুইটারে তাঁর শেয়ার ৯ দশমিক ২ শতাংশে পৌঁছে যায়।
মামলায় বলা হয়, ‘টুইটারে তাঁর মালিকানার তথ্য প্রকাশে বিলম্বের মধ্য দিয়ে মাস্ক বাজারে কারসাজি করেছেন এবং কৃত্রিমভাবে নির্ধারিত কম দরে টুইটারের শেয়ার কিনেছেন।’
ইলন মাস্কের টুইটারের শেয়ার কেনার তথ্য দেরিতে প্রকাশ করার বিষয়টি যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তদন্ত করছে বলে চলতি মাসের শুরুর দিকে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
বৈদ্যুতিক গাড়ির নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের কাছে টুইটার বিক্রি করা হচ্ছে বলে ২৫ এপ্রিল খবর প্রকাশ হয়। আগের দিন টুইটারের পরিচালনা পর্ষদ ৪ হাজার ৪০০ কোটি ডলারে সামাজিক যোগাযোগের জনপ্রিয় এ মাধ্যম বিক্রির সিদ্ধান্ত নেয়।
তবে ১৩ মে ইলন মাস্ক টুইটার কেনার সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা দেন। এক টুইটে তিনি বলেন, টুইটারে স্প্যাম বট (ভুয়া রোবোটিক অ্যাকাউন্ট) মোট ব্যবহারকারীর ৫ শতাংশের কম থাকার বিষয়টির প্রমাণ দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। সে কারণে তিনি এ সিদ্ধান্ত স্থগিত করেছেন। পরে অবশ্য তিনি বলেছেন, টুইটার কেনার সিদ্ধান্ত থেকে পুরোপুরি আসেননি।
ইলনের বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে, টুইটারে সাড়ে ৯ কোটি অনুসারী রয়েছে ইলন মাস্কের। তাঁর বেশ কিছু টুইট ছিল বিভ্রান্তিকর। ১৩ মে তিনি ভুয়া অ্যাকাউন্ট নিয়ে টুইট করেছিলেন, তা ছিল বাজারে কারসাজি করার উদ্দেশ্যে।
এসব কারণে ইলন মাস্কের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন মামলাকারী শেয়ারধারীরা। তবে মামলার এজাহারে ক্ষতিপূরণের পরিমাণ উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে ইলন মাস্ক ও তাঁর আইনজীবীদের সঙ্গে কথা বলতে চেয়েছিল রয়টার্স। তবে তাঁরা কেউ মন্তব্য করতে রাজি হননি। মুখ খোলেনি টুইটার কর্তৃপক্ষও।