ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে বর্ষবরণ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বর্ষবরণের এই আয়োজন করে
বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বর্ষবরণের এই আয়োজন করে

ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএ) ১৩ এপ্রিল বাংলা বর্ষবরণ উৎসবের আয়োজন করেছে।
এ উৎসবের মূল উদ্দেশ্য ছিল চিরায়ত বাঙালি সংস্কৃতির উৎসবমুখর দিকগুলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেশের ছাত্র-শিক্ষক ও বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরত নাগরিকদের কাছে উপস্থাপন করা।
প্রায় দেড় শতাধিক দর্শককে সঙ্গে নিয়ে ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো উদ্‌যাপিত এই বর্ষবরণ উৎসবের শুরু হয় বাংলাদেশের জাতীয় সংগীতের প্রতি দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে। এরপর ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশন করে স্বাগত জানানো হয় বাংলা বর্ষের প্রথম মাসটিকে। গান পরিবেশনের সময় দর্শকেরা যেন গানের মর্মার্থ বুঝতে পারেন এ কারণে গানের সঙ্গে সঙ্গে প্রজেক্টরে গানের ইংরেজি অনুবাদও প্রদর্শিত হয়। অনুষ্ঠানে স্বরচিত কবিতা ‘আমি নেই আমার না থাকা আছে’র ইংরেজি অনুবাদ আবৃত্তি করেন বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড অধ্যাপক ড. আলী রীয়াজ। রাতের খাবারের বিরতির আগে শেষ প্রদর্শন হিসেবে সম্মিলিত নৃত্য উপস্থাপন করেন মায়মুনা, অনন্যা, মৌমিতা ও শুভ্র।
সংক্ষিপ্ত বিরতির পর স্বরচিত পুথি পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন শেখ রাকিবুল হাসান ও তাঁর সহযোগীরা। পুথি পরিবেশনার পর মঞ্চায়িত হয় একক কবিতা ও গান। সৈয়দ শামসুল হকের কবিতা ‘আমার পরিচয়’ আবৃত্তি করে শোনান জুনাইদ আল মামুন। বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড ডিফারেন্ট টাচের ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি গেয়ে শোনান তালহা জোবায়ের। অনুষ্ঠানে নৃত্য পরিবেশনার শেষ সংযোজন হিসেবে দ্বৈত নৃত্য পরিবেশনা করেন সিলভি ও মায়মুনা।
এ ছাড়া একটি রম্য নাটিকা মঞ্চস্থ করেন মিজানুর রহমান, রাকিবুল হাসান, তালহা জোবায়ের ও শুভ্র। অনুষ্ঠানের শেষে ফ্যাশন শোর মাধ্যমে মঞ্চায়িত হয় বৈশাখের উৎসবমুখর আবহ, বসন্তের মন হারানো তারুণ্য, বাঙালি মুসলিম বিয়ের সংস্কৃতি, ঈদের আনন্দ, ও পূজার উৎসব।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তনিমা হায়দার। ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মায়মুনা আক্তার সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।