ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে মাতৃভাষা দিবস উদ্যাপন

ভাষা শহীদদের আত্মত্যাগে রচিত অমর একুশের চেতনা সঙ্গে নিয়ে ২৩ ফেব্রুয়ারি ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএ) আয়োজন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন অনুষ্ঠান। এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল অমর একুশের পটভূমি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ইতিহাস বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেশের ছাত্র-শিক্ষকদের কাছে উপস্থাপন করা এবং বিভিন্ন ভাষাভাষী শিক্ষার্থীদের নিয়ে দিবসটি পালন করা। বাংলাদেশ, চীন, ঘানা, ভারত, নেপাল ও পাকিস্তান—এই ছয়টি দেশের অংশগ্রহণে দেড় শতাধিক দর্শকের উপস্থিতিতে ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে এবারই প্রথমবার উদ্যাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক ড. আলী রিয়াজ। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্প্যানিশ ও লাতিন আমেরিকান অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. জুলিয়েট লিন্ড।
ড. রিয়াজ তাঁর বক্তব্যে একুশে ফেব্রুয়ারির ঐতিহাসিক পটভূমি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এর স্বীকৃতির ইতিহাস তুলে ধরার পাশাপাশি একুশের শিক্ষা এবং আমেরিকার সমসাময়িক প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তিনি বলেন যে, একুশের শিক্ষা এখন শুধু বাংলাদেশের রাজনৈতিক সীমারেখায় সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবেশ করেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল শিক্ষা এটিই যে প্রতিটি ভাষাই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মানুষের পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে তার ভাষা। সুতরাং কোনো ভাষাকেই বিন্দুমাত্র অবমূল্যায়ন কিংবা খাটো চোখে দেখার কোনো অবকাশ নেই। এর প্রাসঙ্গিকতা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণ করিয়ে দেয় যে, যুক্তরাষ্ট্র এক বহুজাতিক, বহুভাষিক, বহু ধর্মের সমাজ এবং সমাজের শক্তি নিহিত এই বৈচিত্র্যের মধ্যেই। এই বৈচিত্র্যকে যাঁরা অস্বীকার করেন বা তার ভিত্তিতে বিভক্তি তৈরির চেষ্টা করেন তাঁদেরকে এ কথা স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন। অধ্যাপক লিন্ড তাঁর বক্তব্যে বহু ভাষা শিক্ষা এবং বহু ধরনের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধের ওপরে গুরুত্ব আরোপ করেন। তিনি এই অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানের মূল পর্বে প্রামাণ্য চিত্র ও বিএসএর সদস্যদের অংশগ্রহণে মঞ্চ নাটকের যুগপৎ প্রদর্শনীর মাধ্যমে একুশের পটভূমি ও আন্দোলন উপস্থাপিত হয়। বিএসএ থেকে আরও উপস্থাপিত হয় একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ ও একটি দেশাত্মবোধক সংগীত। বাংলাদেশের অংশগ্রহণ শেষে একে একে মঞ্চে উপস্থাপনা ও প্রদর্শনী নিয়ে আসে চীন, ঘানা, ভারত, নেপাল ও পাকিস্তানের ছাত্র-ছাত্রীরা। অংশগ্রহণকারী প্রতিটি দেশের ছাত্র-ছাত্রীরা তাদের ভাষার নানা দিক দর্শকদের সামনে উপস্থাপনা করে। বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে নয়জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তনিমা হায়দার। ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মায়মুনা আক্তারের ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।