ইলিশ উৎসবে জেলের সাজ

আমেরিকার মাটিতে দেশি জেলের সাজে সেজেছিলেন প্রবাসী বাংলাদেশি। ১০ মার্চ লস অ্যাঞ্জেলেসের প্যারিস সিটিতে দিনব্যাপী ইলিশ উৎসবের আয়োজন করেন সমাজসেবক সেলিম আহমদ। সেই ইলিশ উৎসবেই জেলের সাজে এসেছিলেন একজন বাংলাদেশি।
ঐতিহ্যবাহী ইলিশ নিয়ে প্রথমবারের এমন আয়োজনে মুগ্ধ সবাই। ব্যাপক উৎসাহ নিয়ে অনুষ্ঠানস্থলে দেশি পোশাক পরে উপস্থিত হন শিশু-কিশোর ও নারী-পুরুষেরা। বাংলাদেশে ঐতিহ্য দিয়ে সাজানো হয় অনুষ্ঠান প্রাঙ্গণ। মাঠে ছিল ইলিশ রান্নার প্রতিযোগিতা। আরও ছিল বিভিন্ন দেশি খাবার ও ইলিশ মাছের রান্না।
চমৎকার সব নাচ, গান নতুন প্রজন্মের পরিবেশনা মন প্রাণ জুড়িয়েছে সবার। দিনটির আবহাওয়াও ছিল বেশ সুন্দর। ঝকঝকে দিনের এই অনুষ্ঠানে জেলের সাজে পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি, কোমরে গামছা সঙ্গে বাধা খলুই ও কাঁধে জাল নিয়ে উপস্থিত হন একজন বাংলাদেশি। গ্রামীণ জেলের এই সাজ উপস্থিত সবাইকে আনন্দ দেয়।
ইলিশ উৎসবে অংশগ্রহণকারীদের নিয়ে ফটোসেশন ও সেলফিতে আগ্রহ ছিল চোখে পড়ার মতো।