ইলেকটরদের ভোটেও ট্রাম্পই প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকেই বেছে নিলেন ইলেকটোরাল কলেজের সদস্যরা। গত সোমবার দেশের মোট ৫৩৮ জন ইলেকটর বা নির্বাচকের মধ্যে ৩০৪ জন ট্রাম্পের পক্ষে ভোট দেন। প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজন ২৭০ জনের সমর্থন। ইলেকটরদের সঙ্গে কথা বলে নির্বাচনের এই ফলাফল জানিয়েছে এপি ও অন্যান্য বার্তা সংস্থা। তবে ভোটের চূড়ান্ত ফল সরকারিভাবে ঘোষণা করা হবে ৬ জানুয়ারি।
ইলেকটরদের ভোটে জেতার পর ট্রাম্প এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের ধন্যবাদ জানান। তবে এই ফল জানার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ট্রাম্পবিরোধী বিক্ষোভও হয়েছে।
এমনিতে ইলেকটরদের ভোট নিয়ে নাটকীয়তা কেউ আশা করে না। তবে এ বছর ট্রাম্পের নির্বাচনে অসন্তুষ্ট ডেমোক্রেটিক সমর্থকেরা শেষ চেষ্টা হিসেবে উভয় দলের ইলেকটরদের কাছে ট্রাম্পের বদলে রিপাবলিকান দলের অন্য কোনো যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। রুশ গোয়েন্দা বিভাগ সাইবার আক্রমণের মাধ্যমে ট্রাম্পের পক্ষে কাজ করেছে, এ কথা সিআইএ ও এফবিআই নিশ্চিত করার পর এই ডাক আরও জোরদার হয়। কিন্তু শেষ পর্যন্ত মাত্র দুজন রিপাবলিকান ইলেকটর দলের সিদ্ধান্ত অমান্য করে ট্রাম্পকে ভোট না দিয়ে ওহাইওর গভর্নর জন কেইসিক ও কেন্টাকির সিনেটর র্যা ন্ড পলের নামে ভোট দেন। তবে ওই ভোট বাতিল হতে পারে।
অন্যদিকে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন রাজ্য হিসেবে ২৩২ ইলেকটোরাল ভোট পেলেও সোমবারের চূড়ান্ত ভোটে অন্তত সাতটি ভোট কম পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।