ইলেকটোরাল ভোট নিয়েই ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ রাজনৈতিক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক পটপরিবর্তন আর করোনাভাইরাস মহামারির মারাত্মক প্রকোপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বদলে গেছে অনেক হিসাব–নিকাশ।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আমেরিকার ইতিহাসে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন হবে বেশ ব্যতিক্রম এবং প্রার্থীদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। এবারের নির্বাচন নিয়ে অতীতের তুলনায় অভিবাসীদেরও আগ্রহ অনেক বেশি। এবারের নির্বাচন নিয়ে কী ভাবছেন বাংলাদেশি মার্কিনরা। মার্কিন নতুন প্রজন্মই বা কোন দৃষ্টিতে দেখছে এবারের নির্বাচনকে।

কথা হয় বাংলাদেশি মার্কিন ড. ন্যান্সি উদ্দিনের সঙ্গে। মোমাউথ ইউনিভার্সিটির অধ্যাপক, নিউজার্সির বাসিন্দা ন্যান্সি বলেন, তাঁর এলাকায় ট্রাম্পের অবস্থান ভালো বলে মনে হচ্ছে। তাঁর মতে, নভেম্বরের নির্বাচনে যেসব বিষয় বিচার–বিশ্লেষণ করে

ভোটাররা তাদের রায় দিতে পারেন তার মধ্যে রয়েছে—করোনাভাইরাস, চাকরি-বাকরি, অর্থনীতি, বাণিজ্য, পররাষ্ট্রনীতি, অভিবাসন ইত্যাদি। হিলারির মতো বাইডেনও পুপলার ভোটে এগিয়ে থাকবেন মনে হচ্ছেন। কিন্তু ইলেকটোরাল কলেজে কী হয়—সেটা দেখার বিষয়।

ইউনিভার্সিটি অব মিশিগান হাসপাতালের মেডিসিন বিভাগের শিক্ষার্থী ডেট্রয়েটের বাসিন্দা নাজরা চৌধুরী বলেন, তাঁর এলাকায় ডোনাল্ড ট্রাম্পের অবস্থা ভালো, যদিও বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতি সবচেয়ে খারাপ।

ন্যাজরা বলেন, ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই করোনাভাইরাসের হুমকিকে খাটো করে দেখেছেন। ভাইরাসকে তিনি খুব একটা গুরুত্ব দেননি। বিজ্ঞানী ও স্বাস্থ্য কর্মকর্তাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেছেন। বিতর্কে বাইডেনকে মাস্ক পরা নিয়ে ব্যঙ্গ করেছেন। তবে এবার নিজে করোনা আক্রান্ত হয়েছেন। তাই কিছু সহানুভূতি ভোট এখন ট্রাম্পের পক্ষে যাবে।

রিমা চৌধুরী হাইস্কুল শিক্ষক, থাকেন মিশিগান। তিনি বলেন, তাঁর এলাকায় জো বাইডেনের জনসমর্থন বেশি। মিথ্যাবাদী ট্রাম্পের চেয়ে ভোট বেশি পাবেন। তবে ইলেকটোরাল ভোটের মারপ্যাঁচে কী হয়, সেটা দেখা বিষয়।

ফজলুর রহমান কমিউনিটি অ্যাকটিভিস্ট। তিনি মনে করেন, প্রথম বিতর্কের পর ট্রাম্পের অবস্থান অনেক নিচে নেমে গেছে। শেষ সময়ে এসে তাঁর করোনা হলো। তাই তিনি কিছু সহানুভূতি ভোট পেতে পারেন। যুক্তরাষ্ট্রের মানুষ তাদের প্রেসিডেন্টদের খারাপ কাজকে মনে রাখে না। রিপাবলিকান ভোটাররা সহজেই উদার হয় না। তাদের ভোট ট্রাম্পের দিকেই থাকবে।

তরুণ প্রজন্মের মেধাবী সাইদা আফরিন ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে ‘দারিদ্র্য ও বিকাশ’ বিষয়ে স্নাতকোত্তর করেন। দারুণ বোঝেন রাজনীতি। সবকিছুতেই পরিষ্কার কথাবার্তা। তিনি বলেন, ‘আমি একজন নিবন্ধিত ডেমোক্র্যাট আর আমি কাকে ভোট দেব, তা নিয়ে প্রশ্ন করার কোন মানে হয় না। আমার মত তরুণ প্রজন্ম জানে, কাকে ভোট দিতে হবে। আমি মনে করি, কমলা হ্যারিসকে রানিংমেট হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে ডেমোক্রেটিক পার্টি ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কে ভালো বুঝতে পারে। তাঁকে বেছে নেওয়ার কারণ হতে পারে, বর্ণবাদ থামাতে তাঁকে পছন্দ করা হয়েছে।

নাতালি তাপিয়া সিনিয়র কেমিস্ট, বয়সে তরুণ। চিলি থেকে পড়তে এসে বিয়ে করে মার্কিন নাগরিক হন। তিনি বলেন, তাঁর পুরো পরিবার জো বাইডেনকে ভোট দেবে। প্রেসিডেন্ট কিছু কর্মসংস্থান সৃষ্টি করলেও করোনায় এই খাতে প্রবৃদ্ধি কমে গেছে। করোনাভাইরাস মোকাবিলায় তাঁর গৃহীত পদক্ষেপের কারণে দীর্ঘ মেয়াদে অর্থনীতি আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুইন্স লাইব্রেরি হলিস শাখার ম্যানেজার আবদুল্লাহ জাহিদ বলেন, ঐতিহাসিকভাবেই আমরা এশীয় মার্কিনরা ডেমোক্রেটিক দলের দিকে ঝুঁকে থাকি। তবে আমি যুক্তরাষ্ট্রের ভোটিং সিস্টেম নিয়ে কিছুটা হতাশ। এখানে পপুলার ভোটে জয়ী হলেও ইলেকটোরাল কলেজ সিস্টেমের জন্য জনতার রায় চুরি হয় যায়, যেমন হিলারি ক্লিনটন বেশি ভোট পেয়েও জয়ী হতে পারেননি। সম্প্রতি আপ স্টেটে গিয়েছিলাম। দেখলাম, শ্বেতাঙ্গদের বাড়ির পর বাড়িতে ট্রাম্পের ব্যানার ঝুলিয়ে রেখেছেন। ভয় হচ্ছে, হয়তো আগামী চার বছর আমাদের আবার একই চক্রে ঘুরপাক খেতে হবে।