ইলেকশন এবং আমাদের ফজল বক্স
নির্বাচন এলেই ফজল বক্স মহাখুশ। ত্রিশ-বত্রিশ বছর বয়সী ফজল বক্সের সকল প্ল্যান প্রোগ্রামই যেন এই সময়ে ইলেকশনকেন্দ্রিক। বাজারে গেলে এখন আর চা-বিড়ির জন্য পয়সা গুনতে হয় না। মাঝেমধ্যে আবার ভালো খাবার দাবারেরও সুবন্দোবস্ত হয়। বাড়িতে ইলেকশন, গাড়িতে ইলেকশন, বাজারে ইলেকশন; সবার মুখে শুধু ইলেকশনের বুলি। আহা। সারাটা বছর যদি এভাবে ইলেকশনের আবহাওয়া থাকত? সেদিন ফজল বক্স আমার মুখোমুখি—
-ভালো আছেন ভাই?
-আছি।
-ভোট কাকে দেবেন?
-এখনো ভাবিনি।
এবার অনেকটা বিজ্ঞের মতো ফজল বক্সের উপদেশ, ‘খুব ভালো কথা, চিন্তাভাবনা করে ভোট দেওয়া দরকার, ভোট কিন্তু খুব মূল্যবান একটা বিষয়!’
আমি জিজ্ঞেস করলাম, “আচ্ছা ফজল বক্স, ভোটের তো আরও বেশ কয়েক সপ্তাহ বাকি। ভোটের জন্য তুমি এখনই এত ব্যস্ত কেন? আমার জানামতে তোমার ঘনিষ্ঠ কেউ তো নির্বাচন করছেন না।’ বুঝলাম প্রশ্নটা তার জন্য অতর্কিত, তাই কাঁচুমাচু করছে।
-ইলেকশনের ব্যস্ততায় তো কাজও করছ না। তাহলে এই সময় চলবে কীভাবে?
-ভাই, আল্লাহর হাওলা, উনিই চালাবেন!, মুখে একটা সহজ হাসি।
-উনি চালাবেন? কিন্তু তুমি তাঁর কী কাজটা করছ, যে তোমাকে তিনি চালাবেন?