ইলেক্টোরাল ম্যাপও হাতছাড়া হতে যাচ্ছে ট্রাম্পের?
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শুধু ভোটার নাগরিকদের সর্বাধিক ভোট পাওয়াই যথেষ্ট নয়। দেশটির ব্যতিক্রমধর্মী নির্বাচনী ব্যবস্থায় ভোটে জিততে হলে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হবে। সর্বশেষ জনমত জরিপের ভিত্তিতে নির্বাচনী ফলাফলের যতগুলো মডেল তৈরি হয়েছে, তার প্রতিটিতে ডোনাল্ড ট্রাম্প শুধু মোট ভোটের হিসাবেই নয়, ইলেক্টোরাল ভোটেও পিছিয়ে রয়েছেন।
দুই সপ্তাহ আগে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে দলের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর থেকে একের পর মন্দ খবর পেয়েছেন ট্রাম্প। গত সাত দিনে কমপক্ষে আটটি জাতীয় জনমত জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে। তার প্রতিটিতে ট্রাম্প ডেমোক্র্যাট দলের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের চেয়ে পিছিয়ে আছেন। জরিপে তাঁদের দূরত্বের মাত্রা ৯ থেকে ১৭ পয়েন্ট। সব জরিপের গড়ের ভিত্তিতে প্রস্তুত মডেল অনুসারে নিউইয়র্ক টাইমস-এর বিখ্যাত পরিসংখ্যানবিদ নেট সিলভার জানিয়েছেন, এখনই প্রেসিডেন্ট নির্বাচন হলে হিলারির জয়ের সম্ভাবনা ৯৩ শতাংশ। এক সপ্তাহ আগে জুলাই মাসে গৃহীত জরিপের ভিত্তিতে নেট সিলভারই বলেছিলেন, হিলারির নয়, ট্রাম্পের জেতার সম্ভাবনা ৫৫ শতাংশ।
অধিকাংশ বিশেষজ্ঞ একমত, এ বছরের নির্বাচনের ফলাফল নির্ভর করবে মোট ১১টি ‘ব্যাটেল গ্রাউন্ড স্টেট’-এর ওপর। এই অঙ্গরাজ্যগুলোর জনসমর্থন দুই প্রধান দলের কেউই পুরোপুরি নিয়ন্ত্রণ করে না। এ বছর জনমতের যে লক্ষণ তাতে স্পষ্ট যে এই ‘ব্যাটেল গ্রাউন্ড’ রাজ্যগুলোতে হিলারি এগিয়ে যাচ্ছেন। রক্ষণশীল নির্বাচনী বিশ্লেষকেরাই বলছেন, চলতি ধারা অব্যাহত থাকলে হিলারি ৪০০ ইলেক্টোরাল ভোট ছিনিয়ে নিতে পারেন। ২০১২ সালে মিট রমনিকে বারাক ওবামা হারিয়েছিলেন ৩৩২: ২০৬ ইলেক্টোরাল ভোটে।
ট্রাম্প জানেন তাঁকে জিততে হলে ‘রাস্ট বেল্ট’ নামে পরিচিত অর্থনৈতিকভাবে ক্ষয়িষ্ণু কয়েকটি রাজ্য—বিশেষত মিশিগান, পেনসিলভানিয়া, উইসকন্সিন ও ওহাইওতে জিততেই হবে। এখন পর্যন্ত প্রথম তিনটি রাজ্যে হিলারি গড়পড়তা ৯ পয়েন্টে এগিয়ে আছেন। এই চারটির কোনো একটি হাতছাড়া হলে ট্রাম্পকে বিকল্প হিসেবে ফ্লোরিডা, ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলাইনায় জিততে হবে। সমস্যা হলো, এই তিন রাজ্যেই বড় সংখ্যায় কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক ভোটারদের বাস। এঁদের মধ্যে ট্রাম্পের সমর্থন নামমাত্র।
প্রচারণায় অভিবাসন, সন্ত্রাসবাদ ও বাণিজ্য চুক্তি—এই তিনটি বিষয় ছিল ট্রাম্পের তুরুপের তাস। এখন সাধারণ নির্বাচনের মূল প্রচারণায় এসে দেখা যাচ্ছে, এসব বিষয়ে ‘কোর গ্রুপ’ সমর্থকদের বাইরের ভোট জোগাড় করা তাঁর জন্য কঠিন হয়ে পড়ছে। নির্ভরশীল হিসেবে বিবেচিত ম্যাকক্লাচি সংবাদ সংস্থার গৃহীত সর্বশেষ জরিপে হিলারি ও ট্রাম্পের অবস্থান ৪৩%: ৩৩%। এই জরিপে সবচেয়ে বিস্ময়কর যা তা হলো, শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যেও ট্রাম্পের সমর্থন কমে আসছে।