
নিজ মেয়াদ শেষের মাত্র দিন কয়েক আগে কূটনৈতিক বিশ্বে বড় ধরনের ঝাঁকুনি দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর এই ঝাঁকুনিটা দিলেন ‘কিছু না করেই’। ওবামার এই ‘কিছু না করাটা’ হলো ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকা। আর এটিই কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
যুক্তরাষ্ট্র এবারই প্রথম ইসরায়েলের চেষ্টা-তদবির অগ্রাহ্য করে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনের বিরুদ্ধে আনা প্রস্তাবে ভেটো দেওয়া থেকে বিরত থেকেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষুব্ধ করেছে। কিন্তু ইসরায়েলের নিন্দা করে এবং বসতি স্থাপনের আহ্বান-সংবলিত এই প্রস্তাব অধিকৃত ফিলিস্তিনে কতটুকু সুফল বয়ে আনবে তা নিয়ে মতপার্থক্য রয়েছে।
এই প্রস্তাবে আসলে নতুন কিছুই নেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিগুলোই ফুটে উঠেছে এখানে। ফিলিস্তিনের অধিকৃত এলাকায় ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন বন্ধই এর মূল বক্তব্য। এখন দেখার বিষয় এই প্রস্তাব আসলে ইসরায়েলকে বসতি স্থাপন বন্ধে চাপ প্রয়োগ করতে পারে কি না?
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি দাতব্য প্রতিষ্ঠান আলা-শাবাকা: দ্য প্যালেস্টাইন পলিসি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক নাদিয়া হিজাব বলেন, জাতিসংঘ প্রস্তাবনার পঞ্চম ধারায় বলা হয়েছে, দেশগুলো চাইলে ইসরায়েলের মূল ভূখণ্ড এবং ১৯৬৭ সালের পর থেকে দখলকৃত ভূখণ্ডের মধ্যে পার্থক্য করতে পারে। অর্থাৎ এর মাধ্যমে কার্যত অবৈধভাবে বসতি স্থাপন করা এলাকাগুলোতে বাণিজ্য ও অর্থনৈতিক অবরোধ আরোপের কথা বলা হয়েছে। এর ফলে বিভিন্ন উপায়ে ইসরায়েলকে একঘরে করে রেখে চাপ প্রয়োগ করার সুযোগ সৃষ্টি হচ্ছে। বসতি স্থাপন করা এলাকাগুলো ইসরায়েলের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে একীভূত। যদি সেখানে নানা ধরনের অবরোধ আরোপ করা যায়, তাহলে ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধি করা সম্ভব।
ফিলিস্তিনের মধ্যস্থতাকারীর সাবেক পরামর্শক দিয়ানা বুট্টো অবশ্য মনে করেন, ভেটো দেওয়া থেকে ওবামা প্রশাসনের বিরত থাকার ফলে ফিলিস্তিনের মানুষ খুব বেশি উৎফুল্ল নয়। মনে রাখতে হবে, দুই মেয়াদে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভেটো দিয়ে এসেছে ওবামা সরকার। ১৯৬৭ সালের পর ওবামা সরকারই যুক্তরাষ্ট্রের একমাত্র সরকার, যারা ইসরায়েলের নিন্দা করে আনা প্রস্তাবে বাদ সেধেছে।
যেই প্রস্তাব এখন পাস হলো, তা আরও বহু আগে পাস হওয়ার কথা ছিল। ২০১১ সালে একই ধরনের প্রস্তাবে ভেটো দিয়েছিল ওবামা সরকার। এ ছাড়া তাঁর শাসনামলেই ইসরায়েলকে সামরিক সহযোগিতা দেওয়ার চুক্তি স্বাক্ষর হয়েছিল। ২০১৪ সালে ফিলিস্তিনের গাজায় নির্মম সামরিক অভিযানের সময় ওবামা প্রশাসনকে পাশেই পেয়েছিল ইসরায়েল। ফলে এবার ইসরায়েলের নিন্দা করে আনা প্রস্তাবে ভেটো দেওয়া থেকে বিরত থাকার বিষয়টি আসলে তেমন মানে রাখে না। ওবামা এই সিদ্ধান্ত নিতে বড্ড দেরি করে ফেলেছেন।
তবে হঠাৎ করে আসা এই নিন্দা প্রস্তাব ইসরায়েলকে হকচকিত করে দিয়েছে। ইসরায়েলি সাংবাদিক ম্যারন র্যাপপোর্টের মতে, ট্রাম্প জমানায় ইসরায়েল বেশ চাপমুক্ত থাকবে—এমন ভাবনা থেকে নেতানিয়াহু যখন বেশ উৎফুল্ল ছিলেন, তখনই জাতিসংঘের নিন্দা প্রস্তাব তাঁকে নিষ্ঠুরভাবে মাটিতে নামিয়ে এনেছে। ম্যারন বলেন, ‘এই প্রস্তাব ইসরায়েলের ওপর দৃশ্যমান কী প্রভাব রাখবে তা স্পষ্ট নয়। তবে তা নিঃসন্দেহে ইসরায়েলের পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা সীমিত করে দেবে।’
তবে ওয়াশিংটনের ওবামা প্রশাসনের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে আর কয়েক দিন বাদে ট্রাম্প ক্ষমতায় আসছেন। ফিলিস্তিনি-ইসরায়েল ইস্যুতে তাঁর নীতিমালাগুলো এমন সব উপদেষ্টাদের দ্বারা নির্ধারিত হবে, যাঁরা ইসরায়েলের বসতি স্থাপনকে সমর্থন করেন।
দিন শেষে এই প্রস্তাবের মর্মার্থ হলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধান, যা ইসরায়েল মানতে চায় না এবং অধিকৃত এলাকায় বসতি স্থাপনের মাধ্যমে কাঙ্ক্ষিত সমাধানের সুযোগও ধ্বংস করে দিচ্ছে।
এটা নিশ্চিত, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সিদ্ধান্ত ইসরায়েলে বড় ধরনের কূটনৈতিক পরাজয় এবং ফিলিস্তিনের জন্য বিজয়। কিন্তু বিজয়টি কী ধরনের, তা-ই এখন দেখার বিষয়।