ইসরায়েলের নতুন বসতির উদ্যোগ 'বিশ্বাসঘাতকতা': হোয়াইট হাউস
পশ্চিম তীরের অধিকৃত এলাকায় নতুন করে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনার ‘কঠোর নিন্দা’ জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। হোয়াইট হাউসও গত বুধবার এক বিবৃতিতে তেল আবিবের ওই উদ্যোগকে ‘বিশ্বাসঘাতকতা’ আখ্যা দিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, পশ্চিম তীরে ইসরায়েল যে নতুন প্রায় ৩০০ বাড়িঘর ও একটি শিল্প এলাকা স্থাপনের পরিকল্পনা নিয়েছে, তাতে ইসরায়েলি-ফিলিস্তিনি বিরোধ নিষ্পত্তির দ্বিরাষ্ট্রভিত্তিক প্রচেষ্টার সম্ভাবনা নষ্ট হচ্ছে।
তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে, তারা বর্তমান বসতির ভেতরেই নতুন বাড়িঘর নির্মাণের পরিকল্পনা নিয়েছে। তাই এটা নতুন বসতি নয়।
১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেওয়ার পর নির্মিত অন্তত ১০০টি বসতিতে প্রায় ৫ লাখ ৭০ হাজার ইহুদি ইসরায়েলি বসবাস করছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের বসতি অবৈধ হলেও ইসরায়েল তা থেকে নিবৃত হচ্ছে না।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার বলেন, ইসরায়েল নতুন বসতি স্থাপনের যে উদ্যোগ নিয়েছে, তাতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতার বিষয়ে তাদের অঙ্গীকার প্রশ্নবিদ্ধ হয়েছে।
অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্ট বলেন, নতুন বসতি স্থাপনের ঘোষণা দিয়ে ইসরায়েলি সরকার শান্তি প্রক্রিয়ার ক্ষতি করেছে।
ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্র চায়। তাদের প্রত্যাশা পশ্চিম তীর ও গাজা উপত্যকা মিলিয়ে গঠিত সেই রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। কিন্তু ইসরায়েলি বসতি স্থাপনের ফলে সেই লক্ষ্য অর্জন দৃশ্যত অসম্ভব হয়ে পড়ছে।