ইসরায়েলের পক্ষে কেরির সাফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজায় ইসরায়েলের নৃশংস বোমা হামলা প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। সেই ‘অধিকারের’ পক্ষে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আছে।

বিবিসির ‘হার্ড টক’ অনুষ্ঠানে জন কেরি এ কথা বলেন। অনুষ্ঠানের উপস্থাপক জয়নাব বাদাউয়ির সঙ্গে আলাপকালে কেরি রকেট হামলার জন্য হামাসকে দায়ি করেন। এই হামলা থেকে ‘আত্মরক্ষার’ অধিকার ইসরায়েলের আছে বলে তিনি মত দেন। তবে এই ‘আত্মরক্ষার’ ফলে যে ভয়ানক ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাও স্বীকার করে নেন তিনি।
ওই অনুষ্ঠানে কেরি চলমান অস্ত্র-বিরতির সুযোগের সদ্ব্যবহার করে একটি দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার দিকে এগিয়ে যাওয়ার জন্য ইসরায়েলি ও ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানান।
গাজায় চার সপ্তাহের ইসরায়েলি অভিযানে ১৯০০ মানুষ নিহত হওয়ার পর ৭২ ঘণ্টার একটি মানবিক অস্ত্র-বিরতি চলছে।

আর এই সুযোগে একটি দীর্ঘমেয়াদী সন্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে মিশরের কায়রোতে প্রতিনিধিদল পাঠিয়েছে হামাস ও ইসরায়েল।

এরকম প্রেক্ষাপটে জন কেরি বলেন, এটাই দীর্ঘমেয়াদি শান্তি স্থাপনের সুযোগ এবং এই সুযোগ দুই পক্ষেরই নেওয়া উচিত।
কেরি বলেন, ‘আমরা পূর্ণভাবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করি। প্রকৃতপক্ষে তারা রকেট এবং টানেলের মাধ্যমে আক্রমণের শিকার হচ্ছিল এবং তাদের হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হতো। এ ধরনের কার্যক্রমে জড়িয়ে পড়ে হামাস জঘন্য কাজ করেছে। তবে হ্যা, এই আত্মরক্ষা করতে গিয়ে যে ভয়ানক ক্ষয়ক্ষতি হচ্ছে তার কারণেই যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে সংকট নিরসনে অংশীদারদের সঙ্গে সমস্যা নিরসনে কাজ করছে।’