ইসরায়েলের বন্ধু প্রমাণে পাল্লা
কে কতটা ইসরায়েলের বন্ধু, এই নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নামলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশীরা। ওয়াশিংটনে গত সোমবার অনুষ্ঠিত প্রভাবশালী সংগঠন আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (আইপ্যাক) সমাবেশে তাঁরা বক্তব্য দেন। সমাবেশে বক্তারা যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ইহুদি ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেন।
ডেমোক্রেটিক পার্টির এগিয়ে থাকা প্রার্থী হিলারি ক্লিনটন নিজেকে ইসরায়েলের ‘পরীক্ষিত বন্ধু’ বলে দাবি করেন। রিপাবলিকান পার্টির আলোচিত-বিতর্কিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট হলে ইসরায়েলের শত্রু ইরানকে শাস্তি দেবেন।
প্রায় ১৮ হাজার ইহুদি মার্কিনি আইপ্যাকের ওই সমাবেশে যোগ দেন। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে একমাত্র ইহুদি ধর্মাবলম্বী প্রার্থী ডেমোক্রেটিক পার্টির বার্নি স্যান্ডার্স এতে উপস্থিত ছিলেন না। উদ্যোক্তাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলেও বাছাইপর্বের নির্বাচনী প্রচারণায় পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে বলে স্যান্ডার্সের প্রচারণা কমিটি থেকে জানানো হয়।
মার্কিন রাজনীতিতে প্রভাবশালী ইহুদিদের সবচেয়ে বড় সংগঠন আইপ্যাক।