ইসলাম নিয়ে ভ্রান্ত ধারণা নিরসনের উদ্যোগ
নগরের নিরাপত্তা নিশ্চিত করা ও ইসলাম ধর্ম সম্পর্কে ভ্রান্ত ধারণা নিরসনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কর্মরত বাংলাদেশি পুলিশ সদস্যরা। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তাঁরা বলেছেন, আমেরিকার নাগরিক হিসেবে এখানে বসবাসরত প্রবাসীদের নাগরিক দায়িত্ব পালন করতে হবে সতর্কতার সঙ্গে। নিরাপত্তার জন্য হুমকির কারণ—এমন কিছু নজরে পড়লে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানাতে হবে।
নিউইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশিদের সংগঠন ‘বাপা’ জ্যাকসন হাইটসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রায় ৭৫ হাজার বৈধ বাংলাদেশি অভিবাসী রয়েছেন। এর মধ্যে প্রায় এক হাজার বাংলাদেশি গুরুত্বপূর্ণ এ নগরের পুলিশ বিভাগে কর্মরত রয়েছেন। সাম্প্রতিক সময়ের নানা ঘটনায় যুক্তরাষ্ট্রের সর্বত্র ইসলাম ধর্ম নিয়ে বিদেশিদের মধ্যে নানা ধরনের অজানা ভীতি ও সন্দেহ কাজ করছে। এ নিয়ে প্রবাসী মুসলমান অভিবাসীদের মধ্যেও এক ধরনের চাপা ভীতি কাজ করছে। সংশয়-সন্দেহ দূর করার জন্যই নগরের বাংলাদেশি পুলিশ সদস্যরা এগিয়ে এসেছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, কিছু মার্কিনির বিশ্বাস মুসলমানেরা সন্ত্রাসকে সমর্থন করে। তাদের এ ধারণাকে ‘অমূলক’ উল্লেখ করে তাঁরা বলেন, ডোনাল্ড ট্রাম্পের মতো কিছু রাজনৈতিক নেতার বক্তব্য যুক্তরাষ্ট্রে ইসলাম ভীতিকে জোরালো করেছে।
এই সংবাদ সম্মেলনে জ্যাকসন হাইটস থেকে নির্বাচিত কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম বক্তব্য রাখেন।
‘বাপা’র পক্ষ থেকে নগরের প্রবাসীবহুল এলাকায় বাংলায় লেখা সন্ত্রাসবাদ ও নিরাপত্তার জন্য সচেতনতামূলক পোস্টার লাগানো হয়েছে। এসব পোস্টারে সন্ত্রাস বা জঙ্গিবাদ বিষয়ে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত জানানোর জন্য আহ্বান করা হয়েছে।