নিউইয়র্ক নগরে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। নগরের বিভিন্ন এলাকায় নতুন করে সংক্রমণ বাড়ছে। বিশেষত ইহুদি অধ্যুষিত এলাকাগুলোয় সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন নিউইয়র্ক নগরের স্বাস্থ্য কর্মকর্তারা।
নগরের স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, নগরের আটটি এলাকার মধ্যে সাতটিতে সংক্রমণ বেড়েছে। এর মধ্য ব্রুকলিনের গ্রেভসেন্ড/ হোমক্রাস্ট এলাকায় যেসব নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে ৬ দশমিক ৭৫ শতাংশ। আগে এ হার ছিল ৬ শতাংশ।
এক বিবৃতিতে নগরের স্বাস্থ্য বিভাগ জানায়, করোনা সংক্রমণের হার মিডউডে ৫ দশমিক ৩৪ শতাংশ, বরো পার্কে ৪ দশমিক ৬৩, বেনসনহার্স্ট/ ম্যাপলটনে ৪ দশমিক ৪১ এবং কুইন্সের কিউ গার্ডেন এলাকায় ৩ দশমিক ৮২ শতাংশ। এ ছাড়া রিগো পার্ক, কিউ গার্ডেনস, উইন্ডসর টেরেস, ব্রাইটন বিচ, ম্যানহাটন বিচ, শিপশেড বে ইত্যাদি এলাকায় সংক্রমণ হার ২ দশমিক ৩ শতাংশ। এসব এলাকার মানুষের মধ্যে মাস্ক পরার হার অন্য এলাকাগুলো থেকে কম।
গত ১৪ দিনের তুলনায় এখন নগরজুড়ে সংক্রমণ হার গড়ে ৩ দশমিক ৩ গুণ বেড়েছে। এ পরিস্থিতিতে নিউইয়র্ক নগরের প্রায় ৩ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ৫ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠানে জনসাধারণে জমায়েত না হওয়ার নতুন বিধিনিষেধ কার্যকর করা হবে।
গভর্নর অ্যান্ড্রু কুমো নিউইয়র্ক নগরের ব্রুকলিন ও কুইন্সের বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণ আবার বেড়ে যাওয়াকে ‘আশঙ্কাজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। কোনো কোনো এলাকায় আবার লকডাউন জারির কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।