ইয়াবার ছোবল বাঙালি এলাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবাসহ নানা মাদকের বিরুদ্ধে বাংলাদেশে যখন বিশেষ অভিযান চলছে, তখন আটলান্টিকের পাড়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি যুবসমাজের মধ্যেও ছড়িয়ে পড়েছে দেশ থেকে আসা ভয়ংকর মাদক ইয়াবা। সময়ের সঙ্গে সঙ্গে এই মাদক যুক্তরাষ্ট্রের বাংলাদেশি-অধ্যুষিত এলাকায় সহজলভ্য হয়ে পড়েছে। প্রতি পিস ইয়াবা বড়ির দাম ১৫ ডলার। পাওয়া যায় ফেনসিডিলও, ৯০ ডলার করে প্রতি বোতল। এসব মাদকে আসক্তরা স্বল্প আয়ের লোকজন।
‘কিছু একটা করেন আপনারা। এটা মহামারি আকার ধারণ করতে যাচ্ছে। আমাদের অনেক ভাই-ব্রাদার নষ্ট হয়ে গেছে। আমার এক ছোট ভাই, মেধাবী শিক্ষার্থী ছিল একসময়। এখন মানুষের কাছে ধারদেনা করে চলছে। যতটুকু পয়সা

পায়, ততটুকুই খরচ করে ইয়াবা কিনতে। অথচ একসময় ইয়াবা খেয়ে একটু বেশি সময় জেগে থেকে পড়াশোনা আর পড়ার ফাঁকে উবার চালানোর জন্যই সে এই জগতে প্রবেশ করেছিল। আজ ইয়াবা তাকে গিলে খেয়ে ফেলেছে।’ কথাগুলো বলছিলেন ওজোন পার্কের একজন যুবক, যিনি নিজেও পেশায় উবার চালক।
অনুসন্ধানে দেখা গেছে, ২০১৫ সালের দিকে অল্প পরিসরে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের হাত ধরেই ইয়াবার আগমন। সে সময় শুধু এই মাদকসেবীরাই নিজেদের লাগেজে করে এই মাদক অল্প পরিমাণে নিয়ে আসত। আস্তে আস্তে এর প্রসার বাড়তে থাকে প্রবাসী যুবসমাজের মধ্যে।
ট্যাক্সিচালকদের মধ্যে ইয়াবা গ্রহণের মাত্রাটা বেশি। বলবর্ধক মাদক হওয়ায়, অনেকেই এই মাদককে বেছে নেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইয়াবাসেবী ট্যাক্সিচালক জানান, ‘শুক্রবার রাত থেকে রোববার পর্যন্ত ট্যাক্সির চাহিদা সবচেয়ে বেশি থাকে নিউইয়র্ক শহরে। ইয়াবা গ্রহণ করলে যেমন ঘুম আসে না, তেমনি একনাগাড়ে কাজ চালিয়ে যাওয়া যায়। শুক্রবার রাত থেকে রোববার পর্যন্ত টানা কাজ করে গেলে আয়ও অনেক বেশি হয়। তাই এই দুই দিন না ঘুমিয়ে টানা কাজ করি। এর মধ্যে ১২-১৫টি ইয়াবা নিই।’
ক্রেতাদের একজন জানিয়েছেন, ২০১৫ সালের শুরুর দিকে এক পিস ইয়াবা ৫০ ডলারেও বিক্রি হতো। ইয়াবার দাম এখন নিউইয়র্কে ১০ থেকে ১৫ ডলার। তবে ১০টির বেশি নিলে অনেক সময় অর্ধেক দামেও পাওয়া যায় বলে জানিয়েছেন অন্তত দুজন।
নিউইয়র্কের পাঁচটি বোরোর মধ্যে কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কসে ইয়াবা পাইকারি বিক্রি হয়। বিশেষ করে কুইন্সের জ্যাকসন হাইটস ও জ্যামাইকায় সবচেয়ে কম দামে ইয়াবা পাওয়া যায় বলে ব্যবহারকারীরা জানিয়েছেন। ইয়াবা গ্রহণ এবং এর ব্যবসা নিয়ে বেশ কয়েকবার হানাহানির ঘটনাও ঘটেছে। কিন্তু নিজেদের ব্যবসার স্বার্থে বাংলাদেশের সরবরাহকারীদের মধ্যস্থতায় তা কখনোই নিউইয়র্কের পুলিশের কাছে অভিযোগ আকারে পৌঁছায়নি। পরে নিজেদের মধ্যকার হানাহানি এড়াতে মাদক বিক্রির নির্দিষ্ট এলাকাও ভাগ করে দেওয়া হয়েছে। সেই সমঝোতায় কেউ কারও এলাকায় গিয়ে মাদক বিক্রি করে না।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, কুইন্সের জ্যামাইকার সবচেয়ে ক্ষমতাধর ইয়াবা ব্যবসায়ীর নাম ইসলাম। তিনি একসময় বাংলাদেশে ব্যবসা করতেন। পাঁচ বছর আগে নিউইয়র্কপ্রবাসী হন। তাঁর কাছ থেকে খুচরা বিক্রেতারা ইয়াবা নিয়ে যান। জ্যাকসন হাইটসে স্বপন আর আলমগীর নামে দুই বন্ধু ইয়াবা ব্যবসার সবচেয়ে বড় নিয়ন্ত্রক। আর ব্রঙ্কসে ইয়াবার একমাত্র বড় পাইকারি ব্যবসায়ীকে সবাই দাদা বলে ডাকে। ব্রুকলিনে আছেন অভিজিৎ (ওরফে কালা জিৎ) এবং মজিদ। নিউ জার্সির খুচরা বিক্রেতাদের কাছে এই দুজনই মূলত ইয়াবা সরবরাহ করেন। তাঁদের কাছ থেকে একবারে এক শর বেশি ইয়াবা নিয়ে খুচরা ব্যবসায়ীরা বিক্রি করেন। এমনকি যাঁরা গ্রহণ করেন, তাঁরাও এই খুচরা ব্যবসায়ে জড়িত।
খান পদবির এক খুচরা ইয়াবা ব্যবসায়ী বলেন, ‘ট্যাক্সিটা এখন পার্ট টাইম কাজ। মূলত ইয়াবা নানাজনের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই গাড়িটা চালানো। আগে যেখানে ১০-১২ ঘণ্টা ট্যাক্সি চালিয়ে দেড় থেকে দুই শ টাকা থাকত। সেখানে ইয়াবা বিক্রি করে অনেক কম কষ্টে সাড়ে তিন থেকে চার শ টাকা আয় করা যায়। শুধু ছেলেরাই নয়, নানা বয়সের মেয়েরাও এর গ্রাহক। আর বাংলাদেশি ছাড়াও নেপালি, ভারতীয় আর পাকিস্তানি বেশ কিছু ট্যাক্সিচালক ইয়াবা গ্রাহকও আছে। তাই কাস্টমার সব সময়ই পাওয়া যায়।’
কিন্তু কঠোর নজরদারি ভেদ করে কেমন করে এই ইয়াবার চালান যুক্তরাষ্ট্রে আসে? অনুসন্ধানে জানা যায়, মসুর ডালের চালানের মধ্যে দিয়েই মূলত ইয়াবা আসে। মসুর ডালের দানা এবং ইয়াবা ট্যাবলেটের আকার ও রঙের মিল থাকায় এটিই সবচেয়ে নিরাপদ মাধ্যম। বাংলাদেশের ঢাকা থেকে যেমন উড়োজাহাজের পার্সেল সার্ভিসের মাধ্যমে আসে। তেমনি চট্টগ্রাম থেকে আসে। তাই পার্সেল সার্ভিসের বাংলাদেশের এজেন্ট যেমন এই সরবরাহে যুক্ত তেমনি ভোগ্যপণ্য আমদানিকারকও আছেন এর সঙ্গে। তবে কখনোই দেড় থেকে দুই হাজার পিসের বেশি ইয়াবার চালান আনা হয় না। পরিমাণ কম হলে ধরা পড়ার সম্ভাবনা কম থাকে। সরবরাহকারীরা শুধু বাংলাদেশের সীমানা পার করে দেওয়া পর্যন্তই এর দায়ভার দেয়। পণ্য প্রেরকের ও প্রাপকের নাম-ঠিকানা ব্যবহার আর তা গ্রহণ করার দায়িত্ব এখানকার ইয়াবা ব্যবসায়ীদের। এ ছাড়া বিভিন্ন ওষুধের ফয়েল প্যাক ব্যবহার করেও ইয়াবার চালান আনা হয়। মূলত ছোট আকারের আর ব্যক্তি পর্যায়ের ছোট মাদক বিক্রেতারাই এটি করে থাকে।
নিউইয়র্কের মতো করেই, একই পদ্ধতিতে এই ইয়াবার চালান যায় ফ্লোরিডা আর ক্যালিফোর্নিয়াতে। ইয়াবা গ্রহণকারীর সঠিক সংখ্যা জানা সম্ভব না হলেও বিভিন্ন খুচরা বিক্রেতার সঙ্গে কথা বলে প্রায় হাজারের মতো গ্রাহক আছে এই নিষিদ্ধ মাদকের। এদের মধ্যে নিয়মিত গ্রাহকের সংখ্যাই বেশি। দিন দিন ইয়াবার প্রসার বাড়ায় নতুন নতুন বিক্রেতাও এর সঙ্গে যুক্ত হচ্ছে।