ইয়েলো ক্যাবে সুদিন আসছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের ঐতিহ্যবাহী ইয়েলো ক্যাব ব্যবসা আর মেডেলিয়ান লাইসেন্সে ধস নেমেছিল। তবে ধস থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে ইয়েলো ক্যাব ব্যবসা। এখন কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে এই শিল্প।
ক্যাব ব্যবসায় ধসের ফলে মেডেলিয়ান লাইসেন্সের মূল্য মিলিয়ন ডলার থেকে ধীরে ধীরে লাখ ডলারে নেমে এসেছিল। ফলে হাজার হাজার মেডেলিয়ান মালিক ও ব্রোকারকে চরম অর্থনৈতিক বিপদের মুখে পড়তে হয়। ইয়েলো ট্যাক্সিক্যাব চালকের দৈনিক আয় নেমে আসে অর্ধেকের নিচে। হাজার হাজার চালক ইয়েলো ইন্ডাস্ট্রি ছেড়ে উবার, লিফ্টসহ ভিন্ন ভিন্ন প্রাইভেট কোম্পানিতে যোগ দেয়। শত শত ইয়েলো মেডালিয়ান কোম্পানি নিজেদের দেউলিয়া ঘোষণা করে।
বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি নিউইয়র্ক অঙ্গরাজ্য ও নগর কর্তৃপক্ষ অ্যাপভিত্তিক ট্যাক্সিক্যাব সার্ভিস উবার, লিফ্টের ওপর নানা শর্ত আরোপ করে। এতে ইয়েলো ক্যাব ইন্ডাস্ট্রিতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কিছুটা আয় বেড়েছে। পাশাপাশি ব্যাংক ও বেসরকারি বিনিয়োগকারী কয়েকটি প্রতিষ্ঠান ঋণ দিচ্ছে। যারা নতুনভাবে মেডেলিয়ান লাইসেন্স কিনতে আগ্রহী বা কিনছেন, তারা ব্রোকারে যাচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন।
ওমেগা ব্রোকারের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, মেডেলিয়ান লাইসেন্স কেনার জন্য তাদের কাছে প্রতিদিনই আগ্রহী ক্রেতাদের ভিড় বাড়ছে। দামও আস্তে আস্তে বাড়ছে। ব্যাংকগুলো সহজ শর্তে ঋণ দেওয়ার ফলে ইয়েলো মেডেলিয়ান ইন্ডাস্ট্রিতে আবার সুদিন ফিরে আসবে, চাঙা ভাব দেখা দেবে।