ই-মেইল বিতর্ক নিয়ে মুখ খুললেন হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন
হিলারি ক্লিনটন

হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করতেন বলে যে সমালোচনা শুরু হয়েছে, তার জবাবে ই-মেইলগুলো জনসাধারণের কাছে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন তিনি। খবর এএফপি ও বিবিসির।
সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যম টুইটারে হিলারি গত বুধবার রাতে লিখেছেন, ‘আমি চাই জনগণ আমার ই-মেইল পড়ে দেখুক। আমি সেগুলো প্রকাশ করার জন্য রাষ্ট্রকে বলেছি। কর্তৃপক্ষ সেগুলো যত শিগগির সম্ভব প্রকাশের জন্য পর্যালোচনা করবে।’
ডেমোক্রেটিক পার্টির রাজনীতিক সাবেক ফার্স্ট লেডি হিলারি আগামী বছর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে লড়বেন বলে ধারণা করা হচ্ছে। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সে সময় তিনি রাষ্ট্রীয় কাজকর্মে ব্যক্তিগত ই-মেইল ঠিকানা ব্যবহার করে সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন করেছেন বলে সম্প্রতি অভিযোগ ওঠে।
পররাষ্ট্র দপ্তরের সহকারী মুখপাত্র মেরি হার্ফ বলেছেন, হিলারির ই-মেইলগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় প্রকাশ করার বিষয়টি যাচাই করে দেখা হবে।
মার্কিন কংগ্রেসের একটি কমিটি ২০১২ সালের ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে মার্কিন কূটনৈতিক দপ্তরে সন্ত্রাসী হামলার তদন্ত করতে গিয়ে ওই সময় ঘটনাটির বিবরণ দিয়ে হিলারির পাঠানো ই-মেইলগুলো সম্প্রতি দেখতে চায়। মার্কিন পররাষ্ট্র দপ্তর অবশ্য ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করার ব্যাপারে হিলারির পক্ষে অবস্থান নিয়ে বলেছে, তিনি দায়িত্বে থাকার সময় দাপ্তরিক কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল না।