ই-মেইল বিতর্ককে পাত্তাই দিচ্ছেন না হিলারি-ভক্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন
হিলারি ক্লিনটন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) প্রধান জেমস কোমির পুনঃ তদন্তের সিদ্ধান্তকে অনেকেই দেশটির রাজনৈতিক অঙ্গনে এক ‘ভূকম্পন’ বলে অভিহিত করছেন। তবে খোদ হিলারির সমর্থকেরা বিষয়টিকে কোনো ইস্যুর মধ্যেই ফেলতে চাইছেন না।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের জরিপ বলছে, হিলারির ই-মেইল ইস্যু খুব একটা ক্ষতির মুখে ফেলবে না তাঁকে। যে অঙ্গরাজ্যগুলোয় দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, সেগুলোয় পরিচালিত এই সংবাদমাধ্যমের সর্বশেষ জরিপ থেকে জানা গেছে, ৭১ শতাংশ ভোটার বলেছেন, ই-মেইল ইস্যুর কারণে তাঁরা সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। ১৩টি অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক দলের সমর্থকদের মাত্র ৫ শতাংশ ভোটার বলেছেন, এই ইস্যুর কারণে হিলারিকে আগের চেয়ে কম পছন্দ করছেন তাঁরা।
ফ্লোরিডায় গত রোববার ম্যানর কমপ্লেক্সে সমকামীদের প্রচারণায় অংশ নেওয়া হিলারির এক সমর্থক পেনসিলভানিয়ার স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞ ডির্ক হার্টম্যান বলেন, ‘ওই ই-মেইলগুলোর জন্য কিছুই হবে না এবং সেগুলোয় যদি কিছু থেকেও থাকে, তা-ও গুরুত্বপূর্ণ নয়। মানুষ এরই মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমার মনে হচ্ছে, নির্বাচনে হিলারিই জয় পেতে চলেছেন।’
হার্টম্যান বলেন, ই-মেইল ইস্যুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং কর্মসংস্থান সৃষ্টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হিলারির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে দেশের যে সর্বনাশের পরিকল্পনা করেছেন, তা রুখে দেওয়া।
ফোর্ট লডারডেল শহরের বাসিন্দা জন সয়েরের মতে, প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে হিলারিই সবচেয়ে যোগ্য। জেমস কোমির ঘোষণাকে তিনিও ‘কোনো ইস্যুই না’ বলে উড়িয়ে দিয়েছেন। স্টিফেন পেরেজ নামে এক সমর্থক বলেন, ‘এই ইস্যুর সূত্রপাত কোত্থেকে আমি তা জানতে চাই। আমি মনে করি না, এটি কোনো ইস্যুর মধ্যে পড়ে।’
ভোট দিতে যুক্তরাষ্ট্রের ২০ কোটি ভোটার নিবন্ধন করেছেন। হিলারি দাবি করেছেন, ভোটারদের ২ কোটি এরই মধ্যে আগাম ভোট দিয়ে ফেলেছেন, যাঁদের ৩০ লাখই ফ্লোরিডার বাসিন্দা। নির্বাচিত হতে হলে ট্রাম্পকে যে কটা অঙ্গরাজ্যে অবশ্যই জয় পেতে হবে, ফ্লোরিডা তার একটি।