
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে হিলারি ক্লিনটন এখনো ডেমোক্রেটিক পার্টির জন্য বড় আশা জাগিয়ে রেখেছেন। মনোনয়ন পাওয়ার দৌড়ে এত দিন তিনিই এগিয়ে ছিলেন। তবে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ই-মেইল আদান-প্রদান নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে কিছুটা হলেও বেকায়দায় পড়েছেন হিলারি। শেষ পর্যন্ত তাঁর জন্য কতটা সমস্যা তৈরি করতে পারে এ ই-মেইল বিতর্ক—প্রশ্ন এখন সেটাই।
ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে রাষ্ট্রীয় ই-মেইল বিনিময়ের ঘটনায় হিলারির বিশ্বাসযোগ্যতা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি তাঁর নির্বাচনী প্রচার অভিযানেও নেতিবাচক প্রভাব ফেলেছে বিষয়টি। মার্কিন পররাষ্ট্র দপ্তর গত সোমবার হিলারির ওই সময়কার প্রায় চার হাজার ই-মেইল বার্তা প্রকাশ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হিলারির প্রায় ১৫০টি ই-মেইলে বিশেষ গোপনীয় তথ্য থাকায় সেগুলো বাদ দিয়ে পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
সাবেক ফার্স্ট লেডির ই-মেইল বিতর্কের বিষয়টি তদন্ত করছে এফবিআই। বিরোধী দল রিপাবলিকান পার্টি ওই বিতর্কের জেরে হিলারির কড়া সমালোচনা শুরু করেছে। জনমত জরিপে এ মুহূর্তে হিলারির অবস্থান একটু খারাপ। এ সুযোগে ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন বার্নি স্যান্ডার্সের মতো নেতারা। এমনকি বর্তমান ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও প্রার্থী হওয়ার দৌড়ে নামার বিষয়টি বিবেচনা করে দেখছেন।
মার্কিন ইতিহাসে সবচেয়ে স্থিতিশীল রাজনীতিকদের তালিকায় হিলারিকে স্থান দেওয়া যায়। যদিও ফার্স্ট লেডি থাকার সময় তিনি স্বাস্থ্যসেবা খাত সংস্কারের উদ্যোগ নিয়েও ব্যর্থ হন। আবার স্বামী বিল ক্লিনটনের যৌন কেলেঙ্কারির ঘটনায় হিলারির ভূমিকা প্রশংসিত হয়েছে। লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে সন্ত্রাসী হামলার পর সাম্প্রতিক সময়ে তখনকার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর ভূমিকার সমালোচনা হয়েছে বিস্তর। এত সব চড়াই-উতরাই পেরিয়ে মার্কিন রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখতে পেরেছেন হিলারি। কেবল ই-মেইল বিতর্কের কারণে সেই দৃঢ় অবস্থান টলে যাবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, রিপাবলিকানরা ই-মেইল বিতর্কের বিষয়টিকে যেভাবে প্রচারণায় কাজে লাগাচ্ছে, হিলারি তাঁর কার্যকর জবাব দিতে পারছেন না। অথচ তাঁকে এ ঘটনায় অভিযুক্ত করার বিষয়টি এখনো অনেক দূরে রয়েছে। হিলারির সমস্যাটা অবশ্য শুধু আইনি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ, প্রশ্ন উঠেছে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সময় তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে।
হিলারির রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির নেতা-কর্মীদের অনেকে মনে করেন, ই-মেইল বিতর্ক তাঁকে তেমন বিপাকে ফেলেনি। আর তাঁর পক্ষে সাধারণ জনমত যে একেবারেই কমে গেছে, তাও নয়। আইওয়া অঙ্গরাজ্যে পরিচালিত এক জরিপের ফলাফলে সোমবার দেখা যায়, হিলারির পক্ষে ৭৬ শতাংশ ভোট পড়েছে। মাত্র ৩৮ শতাংশ মনে করেন, ই-মেইল বিতর্কটা তাঁদের কাছে গুরুত্বপূর্ণ।
এমোরি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মার্লে ব্ল্যাক বলেন, হিলারি ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেয়ে গেলেও ই-মেইল বিতর্ক নিয়ে উদ্বেগ থেকে হয়তো তাঁর রেহাই মিলবে না। সব মিলিয়ে তিনি এখন একজন ‘আহত’ প্রার্থী।