হিলারির বিরুদ্ধে 'বোমা' ফাটাতে পারেননি অ্যাসাঞ্জ
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছিলেন, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের জন্য ক্ষতিকর তথ্য রয়েছে তাঁর হাতে। সময়মতো তা প্রকাশ করা হবে। সে কথায় বিশ্বাস করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সমর্থকেরা অপেক্ষায় ছিলেন অ্যাসাঞ্জ কবে ‘বোমাটা’ ফাটান। কিন্তু এ পর্যন্ত হিলারির প্রচার শিবিরের অভ্যন্তরীণ ই-মেইল চালাচালির যে নথিপত্র উইকিলিকস প্রকাশ করেছে, তাতে তেমন কিছুই উঠে আসেনি।
উইকিলিকস গত দুই সপ্তাহে ছয় দফায় হিলারি, বিল ক্লিনটন ও বিভিন্ন ডেমোক্র্যাট নেতার ব্যক্তিগত ই-মেইল প্রকাশ করেছে। এসব ই-মেইল থেকে বোঝা গেছে, ওবামা প্রশাসনের বিচার বিভাগের সঙ্গে হিলারি ও তাঁর উপদেষ্টারা যোগাযোগ রক্ষা করে চলেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের কার্যক্রমে বড় ধরনের প্রভাব রয়েছে হিলারির মেয়ে চেলসি ক্লিনটনের। যেসব ভাষণ দিয়ে হিলারি ওয়ালস্ট্রিটের কর্মকর্তাদের কাছ থেকে মোটা ‘ফি’ নিয়েছেন, তারও কিছু ফাঁস হয়েছে। এসবের কোনোটাই ঠিক তথাকথিত ‘অক্টোবর সারপ্রাইজের’ পর্যায়ে পড়ে না।
অ্যাসাঞ্জ অবশ্য জানিয়েছেন, নির্বাচনের আগে হিলারি ও তাঁর ঘনিষ্ঠ উপদেষ্টাদের ৪০ হাজার ‘গোপন’ ই-মেইল ফাঁস করা হবে।
ওবামা প্রশাসন বলেছে, ক্রেমলিন-সমর্থিত রুশ হ্যাকাররা মার্কিন নির্বাচনপ্রক্রিয়া প্রভাবিত করতে উঠেপড়ে লেগেছে। খোদ প্রেসিডেন্ট পুতিনের সমর্থন রয়েছে এতে। আর উদ্দেশ্য হাসিলে অ্যাসাঞ্জকে ব্যবহার করছে তারা। ক্রেমলিন অবশ্য এসব অভিযোগ নাকচ করে দিয়েছে।
এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা রজার স্টোনের একটি মন্তব্যের সূত্র ধরে হিলারি শিবির দাবি করেছে, ট্রাম্প ও তাঁর কোনো কোনো উপদেষ্টা অ্যাসাঞ্জের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। গত সপ্তাহে সিবিএস টেলিভিশনের মিয়ামি শাখার সঙ্গে এক সাক্ষাৎকারে রজার স্টোন দাবি করেন, একজন বন্ধুর মাধ্যমে তিনি অ্যাসাঞ্জের সঙ্গে পেছন দরজা দিয়ে যোগাযোগ রক্ষা করছেন।