ই-মেইলের সার্ভার এফবিআইকে দিচ্ছেন হিলারি

হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে তাঁর ব্যবহৃত ব্যক্তিগত ই-মেইলের অনুলিপি আছে এমন একটি ড্রাইভ ও সার্ভার কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) কাছে হস্তান্তর করবেন। মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে। খবর এএফপি
ও বিবিসির।
মন্ত্রী থাকার সময় সরকারি যোগাযোগের কাজে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করায় সমালোচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি। সাবেক এই ফার্স্ট লেডি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
হিলারির নির্বাচনী প্রচারণার মুখপাত্র নিক মেরিল সিবিসি নিউজকে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ব্যবহৃত ই-মেইল সার্ভার বিচার বিভাগের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন হিলারি। এ ছাড়া ওই সব ই-মেইলের অনুলিপি রয়েছে, এমন একটি ড্রাইভ ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সরবরাহ করা হয়েছে।
হিলারির দাবি, ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে তিনি কোনো আইন অমান্য করেননি। রাষ্ট্রীয় কোনো গোপন তথ্য তিনি ব্যক্তিগত ই-মেইলের মাধ্যমে পাঠাননি। হিলারি ক্লিনটন মন্ত্রী থাকার সময় ওই কম নিরাপদ সার্ভার ব্যবহার করে কোনো সরকারি গোপন তথ্য আদান-প্রদান করেছিলেন কি না, তা খতিয়ে দেখছে এফবিআই।