ঈদ আসে, ঈদ যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজা প্রায় শেষের দিকে। টিভি অন করলেই বেজে উঠে নজরুলের সেই বিখ্যাত গান, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ।’ আমার বড় ভাই তখন ১০ বছরের, সোহাগ ভাইয়া ৭ বছরের আর আমি ৫ বছরের। আম্মার মন খারাপ। আব্বুর সঙ্গে আম্মার ফোনে কথা হয়েছে, এবারের ঈদ একাই করতে হবে। আব্বু কাজের চাপে ময়মনসিংহে আটকা পড়েছেন। টাকা পাঠিয়ে দিয়েছেন, আম্মা যেন আমাদের জন্য ঈদের কেনাকাটা করেন এবং আমার নানা আর নানিকে গ্রাম থেকে নিয়ে আসেন একত্রে ঈদ করতে।
আম্মার মন ভীষণ খারাপ। আমাদের জন্য ঈদের বাজার হচ্ছে না। প্রতিদিন আমি আর সোহাগ ভাইয়া বারান্দায় বসে থাকি আব্বু আসবেন, আমাদের ঈদের বাজার করতে নিয়ে যাবেন। কিন্তু আব্বুও আসেন না, আর আমাদের ঈদের বাজারও হয় না। আম্মা এর মধ্যে নানা আর নানিকে গ্রাম থেকে আব্বুর অফিসের গাড়ি পাঠিয়ে নিয়ে আসেন। তাঁরা চলে আসার পর আম্মা আমাদের অন্য ঘরে পাঠিয়ে তাঁদের সঙ্গে সারা দিন কী নিয়ে যেন কথা বলেন। আম্মার মুখের দিকে তাকানো যায় না, ভয়ে আম্মার আশপাশে আমরা তিন ভাইবোনের কেউই যাই না।
দুদিন পর ঈদ। আম্মা আগের দিন রাত্রিবেলা আমাদের সবার কাপড়-চোপড় গুছিয়ে রেখেছেন একটা বড় লাগেজে। আমাদের ভাইবোনদের সেদিন রাত নয়টার মধ্যেই বিছানায় পাঠানো হলো। ভয়ে ভাইয়েরা কেউ আম্মাকে কিছু জিজ্ঞেস করতে পারছে না। ভোর পাঁচটায় আম্মা আমাদের তিনজনকে উঠিয়ে গোসল করায়ে কাপড় পরিয়ে তৈরি করে রেখেছেন। আম্মু গোসল করতে ঢুকলে হঠাৎ বাসার গেটের ডোরবেল বাজা শুরু হলো। আম্মা বলেছেন নড়তে না, তাই আমরা তিন ভাই-বোন উঠে গিয়ে দেখছিও না কে এল এত ভোরে। আমার নানা আর নানিকে এখনো ডেকে তোলা হয়নি। হঠাৎ ভূত দেখার মতো দেখি আব্বু ইউনিফর্ম পরে আমাদের সামনে। আব্বু হ্যাট খুলে স্যালুট দিয়ে দাঁড়িয়ে আছেন। আব্বুকে দেখে তিন ভাইবোন ঝাঁপিয়ে পড়লাম। আমার স্মার্ট বাবা, বিশ্বের সেরা বাবা অ্যাটেনশন বলতেই আমরা তিনজন স্যালুট দিয়ে সোজা সটান হয়ে দাঁড়িয়ে পড়লাম। আম্মা বাথরুম থেকে বেরোতেই আব্বু আম্মার মাথায় হ্যাট পড়িয়ে দিয়ে বললেন, ‘ম্যাডাম আপনার বিরহের কাছে আমি হার মানলাম।’ আম্মা আব্বুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে বললেন, আমি ময়মনসিংহ যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। আমার নানা আর নানি চেঁচামেচি শুনে ছুটে এসে আমাদের আনন্দ উল্লাস দেখেন। চোখেমুখে কেমন সুখের তৃপ্তি খেলা করছে তা কীভাবে বোঝাব আমার জানা নেই। আব্বু ও আম্মার মাথায় অসীম ভালোবাসার হাত রেখে নানা কেঁদে ফেলেন।
জীবনের সেরা ঈদগুলো কাটিয়েছি সবাই মিলে বেশ আনন্দে। সময় বয়ে যায়, জীবন এগিয়ে যায় নির্জনতায়। ঈদ আসে, ঈদ যায়। তবুও চাই, জীবনে সেই ঈদটার মতো আরেকটি নতুন ঈদ আসুক, যেটা আমাদের জীবনে হয়তো এখনো আসেনি! কি আসবে না?